
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে। গত শনিবার (৩ অক্টোবর) সৌদির আরামকোর একটি শোধনাগার থেকে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। এই ঘটনার পর সেখানে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তবে এই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ বা আরামকোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই হামলার দায় স্বীকার করেছেন। তিনি দাবি করেন, ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকায়, বিশেষ করে রাজধানী সানায় সৌদি আরবের বিমান হামলার জবাবেই তারা এই পাল্টা পদক্ষেপ নিয়েছেন। ইয়াহিয়া সারি আরও অভিযোগ করেন যে, গত ২৪ ঘণ্টায় সৌদি বাহিনী হুথিদের নিয়ন্ত্রিত এলাকায় প্রায় ৬০টি বিমান হামলা চালিয়েছে।
আপনার মতামত লিখুন :