
ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ৯৭টি ‘নির্ভুল হামলা’ চালানোর দাবি করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারপন্থী সামরিক বাহিনী। তায়েজ ও লাহিজ প্রদেশের দুটি গুরুত্বপূর্ণ এলাকায় চালানো এসব অভিযানে বিপুল সংখ্যক হুথি সদস্য হতাহত ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি এই অভিযানের তথ্য জানান। তিনি দাবি করেন, তায়েজ প্রদেশের আল-তাওয়াহি ফ্রন্ট এবং লাহিজ প্রদেশের আল-বাহা এলাকায় এই হামলাগুলো চালানো হয়। এসব অভিযানে হুথিদের ২৬০ জন সদস্যকে ‘নিষ্ক্রিয়’ (হতাহত) করার পাশাপাশি বেশ কয়েকটি সামরিক ও সরবরাহ কাজে ব্যবহৃত যানবাহন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ব্রিগেডিয়ার জেনারেল আল-নুজাইলি জানান, এই নিখুঁত হামলায় যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র, গোলন্দাজ কামান ও স্নাইপার ব্যবহার করা হয়েছে। এর মাত্র কয়েক ঘণ্টা আগেও তিনি হুথিদের বিরুদ্ধে আরও ২৫৭টি হামলার দাবি করেছিলেন। সেই আগের দফায় রাজধানী সানা, মিদি, বাকিম, আল-জাওফ, মারিব, আল-বায়দা, লাহিজ ও তায়েজ এলাকায় বিমান, ড্রোন, গোলন্দাজ কামান, ক্ষেপণাস্ত্র ও রকেট ব্যবহার করে হামলা চালানো হয়। ওই অভিযানে অন্তত ৭০০ হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেন এই মুখপাত্র।
তবে যুদ্ধক্ষেত্র থেকে আসা সরকারি বাহিনীর এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আল-জাজিরা। ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা এই গৃহযুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে ইরান-সমর্থিত হুথিরা লড়াই করছে, যারা বর্তমানে দেশটির বিশাল অংশ নিয়ন্ত্রণ করছে।
আপনার মতামত লিখুন :