
খুলনার দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা এলাকায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মো. নাসিমুল গণি ওরফে নাসিম (৪৫)। রবিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাসিমুল গণি ওই এলাকার মৃত আ. গফুরের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নাসিমুল গণি চা খাওয়ার উদ্দেশ্যে বাড়ির বাইরে বের হন। ঠিক সেই সময় একটি ভ্যানে করে দুজন ব্যক্তি সেখানে উপস্থিত হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সানোয়ার হুসাইন মাসুম জানান, আনুমানিক বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি গুলির খোসা ও তিনটি তাজা গুলি উদ্ধার করেছে।
হত্যাকাণ্ডের কারণ বা এর সঙ্গে কারা জড়িত, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ঘটনার রহস্য উদঘাটন এবং অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :