
টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে রাজীব হোসেন (২৯) নামের এক ট্রাকচালক খুন হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে এলেঙ্গা পৌরসভা এলাকার শাপলা মেটাল ইন্ডাস্ট্রিজের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে দুইজনকে আটক করেছে পুলিশ।
নিহত রাজীব লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ে চালক রাজীব ঢাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের এলেঙ্গা এলাকায় ট্রাক থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে নামলে ওত পেতে থাকা কয়েকজন ছিনতাইকারী তার ওপর চড়াও হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হামলার শিকার রাজীবের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা ধাওয়া করে মিন্টু (৩২) নামের এক ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করেন। ওই সময় ছিনতাইকারী দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও পরে পুলিশ অভিযান চালিয়ে আরও একজনকে আটক করে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তি এবং পাথরবোঝাই ট্রাকটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। নিহত চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনসহ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :