Facebook Twitter Instagram YouTube

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সদর উপজেলা


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ / ০
সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সদর উপজেলা

বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় আয়োজিত ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। রোববার (৪ অক্টোবর) বান্দরবান জেলা স্টেডিয়ামে গ্র্যান্ড ফাইনাল, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামে।

পুরুষ বিভাগের ফাইনালে বান্দরবান সদর উপজেলা দল ১–০ গোলে আলীকদম উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলেছে, তবে শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে বান্দরবান সদর। অন্যদিকে, নারী বিভাগের গ্র্যান্ড ফাইনালে থানচি উপজেলা নারী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এবং বান্দরবান সদর উপজেলা নারী দল রানার্সআপ হয়েছে।

টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যের জন্য বেশ কয়েকজন খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়েছে। নারী বিভাগে সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন রিংকি মারমা। এছাড়া মাপ্রুচিং মারমা সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন এবং ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন দীপা চাকমা। পুরুষ বিভাগে সেরা গোলকিপার হয়েছেন ইমন বড়ুয়া। এছাড়া মো. জাফর ইকাবাল পুরুষ বিভাগে সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও ম্যান অব দ্য ম্যাচ—এই তিনটি পুরস্কারই নিজের করে নিয়েছেন।

সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল (বিএসপি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিসেস মাম্যাচিং উপস্থিত ছিলেন। এ ছাড়াও অনুষ্ঠানে বান্দরবান সদর জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ (পিএসসি), জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, জিএসও–২ মেজর পারভেজ রহমান, জেলা আনসার কমান্ড্যান্ট অরূপ রতন পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ফরহাদ সরদার এবং জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রেজাউল করিমসহ সামরিক-বেসামরিক কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও সাংবাদিকরা অংশ নেন।

আয়োজক সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে সেনাবাহিনী নিয়মিত জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। টুর্নামেন্টটি বান্দরবানের ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে এবং খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh