
রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে মারা গেছে আট বছর বয়সী ফামইয়া মাশনুর রুমাইসা। তার বাবা মুহাম্মদ ওমর ফারুক রায়হান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অ্যানেসথেসিয়া ও আইসিইউ–বিশেষজ্ঞ এবং মা ফারজানা সুলতানা ভিশন আই হাসপাতালের চক্ষুবিশেষজ্ঞ। চিকিৎসক হয়েও এই দম্পতি মেয়ের অবস্থার দ্রুত অবনতির কোনো লক্ষণই বুঝতে পারেননি, যা তাদের মধ্যে গভীর আক্ষেপের জন্ম দিয়েছে।
ফামইয়া মাশনুর রুমাইসার বয়স হয়েছিল ৮ বছর ১০ মাস ১৪ দিন। সে রাজধানীর আইডিয়াল স্কুলের বনশ্রী শাখায় তৃতীয় (ইংলিশ ভার্সন) শ্রেণিতে পড়ত। গত ২৭ সেপ্টেম্বর রোববার রাতে তার জ্বর জ্বর লাগা শুরু হয়। পরদিন সোমবার সকালে জ্বর বাড়লে সে স্কুলে যেতে পারেনি। মঙ্গলবার পরীক্ষায় তার ডেঙ্গু পজিটিভ আসে।
মেয়ে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর বাসায় ক্যানুলা করে স্যালাইন দেওয়া হয়। তবে জরুরি কাজে ঢাকার বাইরে থাকায় বুধবার তার কোনো পরীক্ষা করা সম্ভব হয়নি বলে জানান বাবা মুহাম্মদ ওমর ফারুক রায়হান। তিনি জানান, বৃহস্পতিবার মেয়ের অবস্থা খারাপ লাগতে শুরু করে এবং খিঁচুনি দেখা দেয়। এরপর তাকে বনশ্রীতে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।
ওই হাসপাতালে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্র (পিআইসিইউ) না থাকায়, অন্য একটি হাসপাতাল ঘুরে যানজট ঠেলে স্কয়ার হাসপাতালে পিআইসিইউতে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে মেয়ের অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং নাক দিয়ে রক্ত পড়া শুরু করে। মুহাম্মদ ওমর ফারুক রায়হান প্রথম আলোকে বলেন, “মেয়ের ডেঙ্গু পজিটিভ হওয়ার পর ওর অবস্থা খারাপ হচ্ছে—এমন কোনো সাইনই (লক্ষণ) তো ছিল না। বুঝতেই তো পারলাম না। স্কয়ার হাসপাতালে নেওয়ার পর পিআইসিইউতে আধা ঘণ্টাও ছিল না, তার আগেই মারা গেল।” ২৯ সেপ্টেম্বর সকালে জ্বর বাড়ার তিন দিনের মাথায় ১ অক্টোবর বিকেলে ফামইয়া মাশনুর মারা যায়।
চিকিৎসক হিসেবে মুহাম্মদ ওমর ফারুক রায়হান ডেঙ্গু রোগীদের পেটে ব্যথা, রক্ত বমি বা পায়খানার সঙ্গে রক্ত যাওয়ার মতো লক্ষণগুলো খেয়াল রাখতে বলতেন। অথচ তার মেয়ের ক্ষেত্রে এসব কোনো লক্ষণই দেখা যায়নি। মৃত্যুর আগ পর্যন্ত সে সবার সঙ্গে কথা বলেছে, দাদির পাঠানো ডাব খেয়েছে।
এই দম্পতির ছোট মেয়ে ফারজিন মাহনুর ওয়ারিসার বয়স ৫ বছর ৮ মাস। সে তার বড় বোনকে ‘ইয়া’ বলে ডাকত এবং সারাক্ষণ খুনসুটিতে মেতে থাকত। বড় বোন তাকে গোসল করিয়ে দিত। বোন কোথায় চলে গেছে, তা ফারজিন এখনও বুঝতে পারছে না; তাকে বলা হয়েছে, ‘ইয়া’ আল্লাহর কাছে চলে গেছে। সে তার মতো করে কিছু একটা বুঝে নিয়েছে।
মা ফারজানা সুলতানা সারা ঘরে মেয়ের স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন। মেয়েটি জিনিস গুছিয়ে রাখতে এবং স্মৃতি ধরে রাখতে পছন্দ করত, সহজে কিছু ফেলতে চাইত না। এখন তার ঘরময় শুধু স্মৃতিই নয়, মেয়েটাও স্মৃতি হয়ে গেছে। আগামী ১৭ নভেম্বর ফামইয়া মাশনুরের জন্মদিন পালনের জন্য কক্সবাজারে ঘুরতে যাওয়া, কেক কাটা এবং মা-বাবা ও ছোট বোনের সঙ্গে সময় কাটানোর অনেক পরিকল্পনা ছিল। মায়ের সঙ্গে গিয়ে জন্মদিনে পরবে বলে নিজের ও বোনের জন্য জামাও কিনে রেখেছিল। মৃত্যুর আগের দিন আমের জুস খেতে চেয়েছিল, কিন্তু খেতে পারেনি। জন্মদিনের জামা আলমারিতেই পড়ে রইল। গত বছর এই সময় পরিবারের সবাই মিলে হজ করতে গিয়েছিলেন এবং জুলাই মাসে সাজেকে বেড়াতে গিয়ে মা-বাবা ও বোনের সঙ্গে মেয়ে সর্বশেষ সেলফি তুলেছিল—এমন স্মৃতিগুলো ভুলতে পারছেন না তারা।
মুহাম্মদ ওমর ফারুক রায়হান মনে করেন, হাসপাতালগুলোতে পর্যাপ্ত পিআইসিইউ থাকলে, সরকারি হাসপাতালে পর্যাপ্ত সেবা পাওয়া গেলে এবং ডেঙ্গুর মৌসুম শুরুর আগে থেকেই এডিস মশা নিয়ন্ত্রণে সরকার পর্যাপ্ত উদ্যোগ নিলে হয়তো পরিস্থিতি পাল্টে যেত। তিনি বনশ্রীতে নিজের বাসার পাশেই ময়লার ভাগাড় এবং সেখানে পানি জমে থাকার কথা উল্লেখ করে বলেন, “এগুলো তো দেখার কেউ নেই।”
মেয়েটি খুব সংবেদনশীল ছিল জানিয়ে বাবা বলেন, অসুস্থতার মধ্যে বমি করার পর বাসায় কাজের সহায়তাকারীর সামনে জামা পাল্টানোতে সে মাকে লজ্জা পাওয়ার কথা বলেছিল। তিনি আরও জানান, মেয়ের ডেঙ্গু হওয়ার আগে তার মায়ের ডেঙ্গু হয়েছিল। সে সময় বাসায় ক্যানুলা করে স্যালাইনসহ অন্যান্য ব্যবস্থা নিলে তিনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু মেয়ের বেলায় কোনো ব্যবস্থাই কাজে লাগেনি। বার্ন ইনস্টিটিউটে কাজের অভিজ্ঞতায় পুড়ে যাওয়া ছোট ছোট শিশুদের দেখে তিনি সবসময় ভয়ে থাকতেন যে মেয়ে রান্নাঘরে ঢুকলে যদি কিছু হয়ে যায়। তাই মেয়েকে রান্নাঘরে যেতে বারবার নিষেধ করতেন। এই বাবার আক্ষেপ, মেয়েটা ছোট্ট এক মশার কামড়ে সেই কষ্ট পেয়েই মারা গেল।
আপনার মতামত লিখুন :