Facebook Twitter Instagram YouTube

গুইমারায় কাঠ ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ / ০
গুইমারায় কাঠ ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় এক কাঠ ব্যবসায়ীকে এলোপাতাড়ি মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার কবুতরছড়া স-মিল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম আমজাদ হোসেন (৩৯)। তিনি মাটিরাঙ্গা পৌরসভার দক্ষিণ মুসলিমপাড়া এলাকার মৃত আবু সাঈদের ছেলে।

ভুক্তভোগী আমজাদের অভিযোগ, ঘটনার সময় তিনি কবুতরছড়া স-মিলের পাশে একটি চায়ের দোকানে বসা ছিলেন। এ সময় ইউপিডিএফের সংগ্রাহক (কালেক্টর) হিসেবে পরিচিত ব্রিটিশ ত্রিপুরা সেখানে এসে প্রথমে তার কাছে ১০০ টাকা দাবি করেন। আমজাদ তা পরিশোধ করার কিছুক্ষণ পর ব্রিটিশ ত্রিপুরা পুনরায় এসে আরও ৫ হাজার টাকা দাবি করেন। এই টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। মারধরের একপর্যায়ে তার কাছ থেকে নগদ সাড়ে ৯ হাজার টাকা ও ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নেওয়া হয়।

মারধরের শিকার হয়ে আমজাদ অচেতন হয়ে সড়কে পড়ে থাকেন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা হাসপাতালে নিয়ে ভর্তি করান। হাসপাতালে চিকিৎসাধীন আমজাদের শারীরিক অবস্থা সম্পর্কে কর্তব্যরত চিকিৎসক সাকিব জানান, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। পিঠে আঘাতের চিহ্ন থাকা আমজাদ বর্তমানে ঠিকমতো কথা বলতে পারছেন না। তবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে এবং আপাতত তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাওয়ার্দী জানান, ঘটনাটি সম্পর্কে তিনি এখনো অবহিত নন। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh