Facebook Twitter Instagram YouTube

জার্মান চ্যান্সেলরের কিয়েভ সফরের মাঝেই রাশিয়ার ড্রোন হামলা


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ / ০
জার্মান চ্যান্সেলরের কিয়েভ সফরের মাঝেই রাশিয়ার ড্রোন হামলা

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎসের আকস্মিক ইউক্রেন সফরের মধ্যেই দেশটির রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রোববার সকালে টানা দ্বিতীয় দিনের মতো কিয়েভের পিভনিচনি (উত্তর) সেতুতে এই হামলা চালানো হয়। মূলত গত চার দিন ধরে কিয়েভের প্রধান সেতুগুলোকে লক্ষ্য করে রুশ সেনারা ড্রোন হামলা চালিয়ে আসছেন। হামলার সময় জার্মান চ্যান্সেলর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ব্যস্ত ছিলেন। বৈঠক শেষে দুই নেতা যুদ্ধে নিহত ইউক্রেনীয় সৈন্যদের স্মরণে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

ইউক্রেনের প্রতি জার্মানির অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করতে এই সফরে আসেন ফ্রিডরিখ মেৎস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় জার্মান চ্যান্সেলর লিখেছেন, ইউক্রেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ পার করছে। আর এ কারণেই তিনি কিয়েভে এসেছেন এই বার্তা দিতে যে, ইউক্রেনীয়রা জার্মানির ওপর সম্পূর্ণ ভরসা রাখতে পারেন।

হামলার পর রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য অঞ্চলে তাদের হামলা আরও জোরদার করা হবে। এর আগে ইউক্রেনীয় সেনাদের ব্যবহৃত দুটি সেতুতে হামলা চালানোর কথা স্বীকার করেছিল মস্কো। এদিকে রোববারের হামলার কিছু ভিডিও যাচাই করে দেখা গেছে, সেতুর ওপর একটি ড্রোন আছড়ে পড়ার পর সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং কালো ধোঁয়া উড়তে থাকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে সেতুর সড়কের মাঝখানে বোমা বিস্ফোরণে সৃষ্ট একটি বড় গর্তও দেখা গেছে।

অন্যদিকে ইউক্রেনের দনিপ্রো শহরের একটি যোগাযোগ কেন্দ্রেও রুশ হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, গত রাতে রাশিয়া ৫২টি জেট-চালিত ড্রোনসহ মোট ১৩৫টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে ১২৫টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছেন ইউক্রেনের সামরিক কর্মকর্তারা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy