
শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও সরকারি নিষ্ক্রিয়তার প্রতিবাদে ফ্রান্সজুড়ে টানা বিক্ষোভ চলছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকটি স্থানে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকালে মার্সেই, নঁত ও লিয়ঁ শহরে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের প্ল্যাকার্ডে ‘তারা আসলে আমাদের নিয়ে ভাবে না’ এবং ‘বাঁচো অথবা পড়াশোনা করো’-এর মতো স্লোগান দেখা গেছে। স্ট্রাসবুর্গ, লিয়ঁ ও রেনে শহরে বিক্ষোভ সহিংস রূপ নিলে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। এ সময় বিক্ষোভকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে পুলিশের দিকে বিভিন্ন বস্তু নিক্ষেপ করেন।
প্রায় দুই সপ্তাহ আগে প্যারিসের দরিদ্র উপশহরগুলো থেকে শুরু হওয়া এই আন্দোলন বর্তমানে সারা দেশে ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট, অতিরিক্ত শিক্ষার্থী, অপর্যাপ্ত সুযোগ-সুবিধা এবং জরাজীর্ণ ভবনের মতো নানা সমস্যা রয়েছে। হাইস্কুল শিক্ষার্থী ইউনিয়নের তথ্যমতে, বর্তমানে প্রায় ২ হাজার হাইস্কুলে ব্লকেড বা অবরোধ চলছে। গত সোমবার উত্তর ফ্রান্সে পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষের সময় ১৫ বছর বয়সী এক কিশোর পুলিশি গ্রেনেড সরানোর সময় গুরুতর আহত হয় এবং তার হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
পরিস্থিতি বিবেচনায় ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে শিক্ষক সংকট মোকাবিলা, দুপুরের বিরতি বাড়ানো, সময়সূচিতে পরিবর্তন এবং পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারের দাবিগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬ হাজার ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অধিকাংশের বয়স ১৮ বছরের নিচে। বিচার মন্ত্রণালয় জানিয়েছে, ১ হাজার ৮০০ জনের বেশি ব্যক্তির বিরুদ্ধে মামলা হতে পারে, যার মধ্যে ১ হাজার ৪৮৩ জন অপ্রাপ্তবয়স্ক। প্রধানমন্ত্রী লেকর্নুর দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিক্ষোভে অন্তত ২১৫ জন কিশোর ও ৭১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আপনার মতামত লিখুন :