
চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ দাবির অভিযোগে গণঅধিকার পরিষদের (জিওপি) কুমিল্লা জেলা শাখার সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিনের সদস্যপদ স্থগিত করেছে দলটি। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত একটি নোটিশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, জসিম উদ্দিনের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের নির্দেশক্রমে তার সদস্যপদ স্থগিত করা হয়েছে। এছাড়া, তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগের বিষয়ে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ সংবাদমাধ্যমকে জানান, কুমিল্লা জেলা শাখার এই নেতা এক ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, জসিম উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে বিজয়ী হন এবং জসিম উদ্দিন ৪৯ হাজার ৮৮৫ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন।
আপনার মতামত লিখুন :