Facebook Twitter Instagram YouTube

বান্দরবানে পর্যটন কেন্দ্রে ভ্রমণের নিষেধাজ্ঞা ১২ জুলাই পর্যন্ত বাড়ল


প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ /
বান্দরবানে পর্যটন কেন্দ্রে ভ্রমণের নিষেধাজ্ঞা ১২ জুলাই পর্যন্ত বাড়ল

বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্রে ভ্রমণের নিষেধাজ্ঞার সময়সীমা আরও বাড়ানো হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। বুধবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে গত ৬ জুলাই জারিকৃত গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১২ জুলাই রোববার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটকদের ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ট্যুর অপারেটরসহ সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে নতুন নির্দেশনা দেওয়া হবে বলে জানানো হয়েছে।