Facebook Twitter Instagram YouTube

ইয়েমেনের এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ / ০
ইয়েমেনের এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে লড়াই তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যেই বুধবার ভোরে হুতিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবোঝাই ড্রোন ব্যবহার করে এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে। ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় জানায়, কায়রো থেকে আসা একটি ফ্লাইট অবতরণের কয়েক মিনিট আগে বিমানবন্দরের রানওয়ের কাছে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ ফ্লাইটটির অবতরণ বাতিল করে সেটিকে জেদ্দায় ঘুরিয়ে দেয়। এছাড়া আরও হামলার আশঙ্কায় রানওয়েতে থাকা অন্য দুটি বিমানকেও দ্রুত সরিয়ে নেয়া হয়েছে। এই হামলার বিষয়ে হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এডেন বিমানবন্দরটি ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলোর প্রধান প্রবেশদ্বার হিসেবে পরিচিত।

একই সময়ে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা রিয়াদের উত্তরে একটি হুতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করেছে। জোটের পক্ষ থেকে জানানো হয়, তারা হুতিদের নিয়ন্ত্রিত সানার ওপর ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ প্ল্যাটফর্ম শনাক্ত করার কাজ করছে এবং সেটিও ধ্বংস করা হবে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে বুধবার সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল যে, সৌদি শহর খামিস মুশাইতের দিকে ছোড়া আরও একটি হুতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে দাবি করেছেন যে, তার সংগঠন রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং খামিস মুশাইতের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর ও একটি বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

দেশটির লোহিত সাগর উপকূলের কিছু এলাকায় হুতিরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর সৌদি সমর্থিত সরকারি বাহিনী পাল্টা অভিযান শুরু করেছে। এই সপ্তাহে সরকারি বাহিনী সৌদি জোটের বিমান সহায়তায় কৌশলগত বাব আল-মান্দেব প্রণালি ও মোখা শহরের আশপাশের উপকূল পুনর্দখলে অভিযান চালিয়েছে। এতে গত মাসে হুতিদের দখল করা কয়েকটি এলাকা থেকে তাদের সরিয়ে দেয়া সম্ভব হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin