Facebook Twitter Instagram YouTube

শারদীয় দুর্গাপূজা: ১৭ অক্টোবরের ছুটি বাতিল, টানা ৩ দিন বন্ধ অফিস


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ / ০
শারদীয় দুর্গাপূজা: ১৭ অক্টোবরের ছুটি বাতিল, টানা ৩ দিন বন্ধ অফিস

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকার টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর (মঙ্গলবার থেকে বৃহস্পতিবার) দেশব্যাপী এই ছুটি পালিত হবে।

তবে, এই ছুটির আগে ১৭ অক্টোবর (শনিবার) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস স্বাভাবিক কার্যদিবসের মতোই খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ, ১৭ অক্টোবরের ছুটি বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জরুরি ও অত্যাবশ্যকীয় সেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে হাসপাতাল, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন।

এছাড়াও, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট ও ডাক সেবা এবং এসবের সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও স্বাভাবিক নিয়মে কাজ চালিয়ে যাবেন। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও এই ছুটির বাইরে থাকবে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে যে, ছুটির সময়ে ব্যাংকিং কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। একইভাবে, আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত জানাবে। বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh