Facebook Twitter Instagram YouTube

ইন্দোনেশিয়ার সঙ্গে ১০ বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা বাংলাদেশের


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ / ০
ইন্দোনেশিয়ার সঙ্গে ১০ বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা বাংলাদেশের

ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে আয়োজিত এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তার এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতিসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বর্তমানে দুই দেশের বাণিজ্যের পরিমাণ বছরে প্রায় ৪ বিলিয়ন ডলার। এর মধ্যে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশ প্রায় ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে, অন্যদিকে বাংলাদেশের রপ্তানি মাত্র ৫৬ মিলিয়ন ডলার। এই বড় বাণিজ্য ঘাটতি নিরসনে রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। মন্ত্রী বলেন, বাজারে প্রবেশের বাধাগুলো দূর করা সম্ভব হলে বাণিজ্যের পরিমাণ ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

বৈঠকে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) ও সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার ওপর তাগিদ দেওয়া হয়েছে। পিটিএ নিয়ে চার দফা আলোচনা হলেও তৈরি পোশাকের শুল্কমুক্ত সুবিধা নিয়ে মতপার্থক্যের কারণে ২০২৩ সাল থেকে আলোচনা থমকে আছে। ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, টেক্সটাইল ও পোশাক শিল্পে প্রতিযোগিতা থাকলেও সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। আগামী ১৪ থেকে ১৮ অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর সময় মন্ত্রী পর্যায়ে বৈঠকের প্রস্তাব দেন তিনি এবং বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানান।

বাংলাদেশি ওষুধ শিল্পের প্রসারে ইন্দোনেশিয়ার বাজারে নিবন্ধনসহ প্রক্রিয়াগত জটিলতা কমানোর আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। জাকার্তায় বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস পণ্য নিয়ে একটি ‘সোলো এক্সিবিশন’ আয়োজনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া হালাল পণ্যের বাণিজ্য বাড়াতে দুই দেশের হালাল সনদের পারস্পরিক স্বীকৃতির বিষয়েও আলোচনা হয়েছে।

জ্বালানি ও কৃষিপণ্য প্রসঙ্গে বৈঠকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি পারতামিনাকে বাংলাদেশের সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) টার্মিনাল পরিচালনার প্রস্তাব অনুমোদনের বিষয়টি তোলা হয়। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এছাড়া ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ঝুলে থাকা আলু রপ্তানির জটিলতা দূর করতে পরীক্ষাগার ও নিবন্ধনসংক্রান্ত বিষয়ে পারস্পরিক স্বীকৃতির প্রস্তাব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin