
২০২৪ সালে ট্রাইকন্টিনেন্টাল: ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চ দুটি গুরুত্বপূর্ণ প্রকাশনা—‘হাইপার-ইম্পেরিয়ালিজম: আ ডেঞ্জারাস ডেকাডেন্ট নিউ স্টেজ’ এবং ৭২ নম্বর ডসিয়ার ‘দ্য চার্নিং অব দ্য গ্লোবাল অর্ডার’-এর মাধ্যমে বর্তমান বিশ্বব্যবস্থার একটি বিশদ চিত্র তুলে ধরেছে। তাদের বিশ্লেষণ অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও তার নেতৃত্বাধীন পশ্চিমা জোট বর্তমানে এক নতুন ও আগ্রাসী পর্যায়ে প্রবেশ করেছে, যাকে তারা ‘হাইপার-ইম্পেরিয়ালিজম’ বা অতি-সাম্রাজ্যবাদ হিসেবে চিহ্নিত করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী আধিপত্য ৯০০টিরও বেশি সামরিক ঘাঁটি, ‘গ্লোবাল ন্যাটো’ ধারণা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও রাজনৈতিক অস্ত্র হিসেবে আইন ব্যবহারের মাধ্যমে বজায় রাখা হয়েছে।
ট্রাইকন্টিনেন্টালের গবেষণায় ‘ন্যাটো প্লাস’ নামে একটি সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জোটের কথা বলা হয়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্র। এই জোটের মূল লক্ষ্য হলো উদীয়মান শক্তি চীনকে নিয়ন্ত্রণ করা এবং বৈশ্বিক দক্ষিণে নিজেদের প্রভাব ধরে রাখা। ইউক্রেন যুদ্ধ, গাজার বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন বহুপক্ষীয় চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া এই আগ্রাসী কৌশলেরই অংশ। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ২০০২ সালে অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল (এবিএম) চুক্তি এবং ২০১৯ সালে ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি থেকে বেরিয়ে গেছে। এছাড়া ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র জাতিসংঘের ইউএনএফসিসিসি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত জানালেও তা ২০২৭ সালের ২৭ ফেব্রুয়ারি কার্যকর হবে।
বিশ্ব অর্থনীতির কেন্দ্র এখন উত্তর আটলান্টিক থেকে এশিয়ার দিকে সরে যাচ্ছে। ক্রয়ক্ষমতার সমতা (পিপিপি) অনুযায়ী বৈশ্বিক দক্ষিণ এখন বৈশ্বিক উত্তরের চেয়ে বড় অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। চীনসহ উদীয়মান দেশগুলো কাঁচামাল ও প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ বাড়াচ্ছে, যা পশ্চিমা জোটের জন্য একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ। ট্রাইকন্টিনেন্টালের মতে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তি আপেক্ষিকভাবে কমে আসায় তারা সামরিক শক্তি ও ‘হাইব্রিড’ কৌশল ব্যবহারের দিকে বেশি ঝুঁকছে, যা যুদ্ধের ঝুঁকি ও জলবায়ু সংকট বাড়িয়ে দিচ্ছে।
২০২৪ সালে বৈশ্বিক সামরিক ব্যয় ছিল ২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার, যা ২০৩৫ সালে ৪ দশমিক ৭ থেকে ৬ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। অথচ জাতিসংঘের তথ্যমতে, চরম দারিদ্র্য দূর করতে ১০ বছরে প্রয়োজন মাত্র ২ দশমিক ৩ থেকে ২ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার। বর্তমানে বিশ্বের সামরিক ব্যয়ের ৮০ শতাংশের বেশি আসে ন্যাটো প্লাসভুক্ত দেশগুলো থেকে।
বৈশ্বিক দক্ষিণে নতুন রাজনৈতিক মানসিকতার উত্থান ঘটলেও তা এখনো পশ্চিমা জোটের বিরুদ্ধে সুসংগঠিত চ্যালেঞ্জ হয়ে ওঠেনি। সাহেল অঞ্চলে এইএস (অ্যালায়েন্স অব সাহেল স্টেটস) গঠন বা দক্ষিণ আফ্রিকার উদ্যোগের মতো ঘটনাগুলো সার্বভৌমত্ব প্রকাশের নতুন সুযোগ তৈরি করলেও ভেনেজুয়েলার ঘটনা এর সীমাবদ্ধতা স্পষ্ট করেছে। হামলার কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কারাকাসে চীনের লাতিন আমেরিকাবিষয়ক বিশেষ দূত চিউ শিয়াওছির সঙ্গে বৈঠক করেছিলেন। তারা চীনের তৃতীয় লাতিন আমেরিকা নীতিপত্র, চীন-ভেনেজুয়েলার প্রায় ৬০০টি যৌথ উন্নয়ন প্রকল্প এবং ভেনেজুয়েলায় প্রায় ৭০ বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ নিয়ে আলোচনা করেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো চীনের বিশেষ দূতের সাথে বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে যুক্তরাষ্ট্র হামলা চালায়। যদিও চীন এই হামলার নিন্দা জানিয়েছে, কিন্তু বৈশ্বিক দক্ষিণে সামরিকভাবে এই ধরনের আগ্রাসন ঠেকানোর মতো সক্ষমতা চীন বা রাশিয়ার নেই। ট্রাইকন্টিনেন্টালের মতে, চীন ও রাশিয়ার সামরিক উপস্থিতি মূলত প্রতিরক্ষামুখী, যা ভেনেজুয়েলার ঘটনার মধ্য দিয়ে নতুন রাজনৈতিক অনুভূতির দুর্বলতা ও সীমাবদ্ধতা পুনরায় সামনে এনেছে।
আপনার মতামত লিখুন :