
সিলেট রুটের ট্রেনের টিকিট অনলাইনে বিক্রির জন্য উন্মুক্ত করার কয়েক মিনিটের মধ্যেই সব টিকিট বুক হয়ে যাওয়ার ঘটনায় সন্দেহ প্রকাশ করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নোমান স্বপ্রণোদিত হয়ে মামলাটি (মামলা নং-০১/২০২৬) দায়ের করেছেন। এই ঘটনার তদন্তের জন্য আদালত পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
বর্তমানে সিলেটের সড়ক যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারণে রেলপথে যাত্রীদের চাহিদা বহুগুণ বেড়েছে। সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী উপবন, কালনী, জয়ন্তিকা, পারাবত, উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের টিকিট পাওয়ার ক্ষেত্রে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনলাইনে টিকিট বিক্রির নির্ধারিত সময়ের ১০ দিন আগে বুকিং উন্মুক্ত করার কয়েক মুহূর্তের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যাওয়ার বিষয়টি সাধারণ যাত্রীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে যে, একটি চক্র ট্রেনের টিকিট বাজারজাতকরণের সঙ্গে জড়িত। এই চক্রের সহযোগিতায় মুহূর্তের মধ্যে টিকিটগুলো সরিয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে সাধারণ যাত্রীদের কাছে বেশি দামে বিক্রি করা হয়। সাধারণ যাত্রীরা কাউন্টার কিংবা অনলাইন—কোথাও টিকিট না পেলেও কালোবাজারিদের কাছে তা পাওয়া যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড শুধু যাত্রীদের হয়রানিই করছে না, বরং সিলেটের পর্যটনশিল্পের বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলছে। কালোবাজারি ও মজুদদারির মতো অপরাধ সংঘটিত হওয়ার সন্দেহে আদালত এই আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন।
আপনার মতামত লিখুন :