Facebook Twitter Instagram YouTube

কটিয়াদীতে ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে মারধর, পুলিশে সোপর্দ


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ / ০
কটিয়াদীতে ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে মারধর, পুলিশে সোপর্দ

কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘মেয়েধরা’ সন্দেহে এক নারীকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। বুধবার দুপুরে পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বেথৈর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ওই নারীর সঙ্গে থাকা ইলমা (৭) নামের এক শিশুকে উদ্ধার করা হয়। ইলমা বেথৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং স্থানীয় জামাল মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারীর নাম প্রিয়া (২৫) বলে জানা গেছে। তিনি নিজের বাড়ি বাজিতপুর উপজেলার দিঘীরপাড় বলে দাবি করলেও পুলিশ তাঁর পরিচয় ও ঠিকানা যাচাই-বাছাই করছে।

প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার বেলা পৌনে ১২টার দিকে বেথৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কয়েকজন শিক্ষার্থী দাঁড়িয়ে ছিল। এ সময় কালো বোরকা পরা এক নারী শিক্ষার্থীদের সঙ্গে কথাবার্তা বলার একপর্যায়ে ইলমাকে ফুসলিয়ে বিদ্যালয়ের বাইরে নিয়ে যান। কয়েকজন শিক্ষার্থী বিষয়টি দেখে ওই নারীর পিছু নেয় এবং ইলমাকে একটি অটোরিকশায় তুলে নিতে দেখে। পরে তারা বিদ্যালয়ের শিক্ষক ও দপ্তরি শহিদুল্লাহকে ঘটনাটি জানায়।

শিশুটির পরিবার খোঁজ শুরু করলে তার বাবা বিদ্যালয় থেকে দুই কিলোমিটার দূরে পিপুলিয়া এলাকায় অটোরিকশাটির সন্ধান পান। স্থানীয়রা ওই নারীর কাছে পরিচয় ও শিশুটিকে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন বলে অভিযোগ ওঠে। এরপর উত্তেজিত জনতা ওই নারীকে মারধর করে বিদ্যালয়ে নিয়ে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উদ্ধার হওয়া শিক্ষার্থী ইলমা জানায়, ওই নারী তাকে বলেছিল যে তার বাবা দুর্ঘটনায় আহত হয়েছেন এবং তাকে কানের দুল খুলে দিতে বলেছিল। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কিশো আর সুলতানা জানান, দাপ্তরিক কাজে ব্যস্ত থাকার সময় শিক্ষার্থীরা এসে জানায় যে এক নারী এক শিক্ষার্থীকে নিয়ে যাচ্ছে। এরপরই তারা দ্রুত খোঁজ শুরু করেন।

কটিয়াদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ বলেন, খবর পেয়ে অবরুদ্ধ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। থানায় নিয়ে আসার সময় উত্তেজিত জনতা ফের মারধরের চেষ্টা করলে ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং পুলিশের গাড়ির একটি গ্লাস ভেঙে গেছে। অভিযুক্ত নারী নিজেকে নির্দোষ দাবি করলেও শিশুকে স্কুল থেকে নিয়ে আসার কারণ সম্পর্কে নীরব রয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh