
বর্তমান সরকারকে শ্রমবান্ধব আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, শ্রমিকদের অধিকার রক্ষা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের প্রধান অগ্রাধিকার। বুধবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (আইটিইউসি) এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব এম্প্লয়ার্স (আইওই)-এর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, সরকার শ্রমিকদের অধিকার ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করতে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, প্রতিটি কর্মক্ষেত্রে ন্যায্য ও নিরাপদ পরিবেশ গড়ে তোলা, মালিক-শ্রমিক সম্পর্কের উন্নয়ন এবং কার্যকর সামাজিক সংলাপ প্রতিষ্ঠা করা সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। এছাড়া, মানসম্মত কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ ও শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধিতে সরকার নিরলস কাজ করছে।
বৈঠকে ইপিজেডের অর্থনৈতিক ভূমিকা ও কর্মসংস্থানের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে সার্বজনীন আইন ও নীতিমালা বাস্তবায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। মাহদী আমিন জানান, দায়িত্ব গ্রহণের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সরকার বাংলাদেশ শ্রম আইন যুগোপযোগী করে সংশোধন করেছে। এছাড়া আন্তর্জাতিক মান বজায় রাখতে আইএলও কনভেনশন ১৫৫, ১৮৭ এবং ১৮৯ অনুমোদন করা হয়েছে। দ্রুত বাংলাদেশ শ্রম বিধিমালা প্রণয়ন করে সংশোধিত আইন বাস্তবায়নের মাধ্যমে শ্রমজীবীদের জীবনের বাস্তব উন্নয়ন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, শ্রমিক ও মালিক পক্ষের স্বার্থ একে অপরের পরিপূরক। শিল্পভিত্তিক শান্তি ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য শক্তিশালী ত্রিপক্ষীয় সংলাপ ও কার্যকর সামাজিক অংশীদারিত্বের বিকল্প নেই। সফররত প্রতিনিধিদল বাংলাদেশের শ্রমখাতে গৃহীত সংস্কারমুখী পদক্ষেপগুলোর প্রশংসা করেন। বিশেষ করে আইন সংশোধন, ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ন্যায্য মজুরি বাস্তবায়নে সরকারের উদ্যোগের বিষয়ে তারা সন্তোষ প্রকাশ করেন।
এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলে আইটিইউসির জেনারেল সেক্রেটারি লুক ট্রায়াঙ্গল, আইওইর ভাইস-চেয়ার কাইজার মোয়ানে, আইএলও গভর্নিং বডির মেম্বার জেস ভোগট এবং আইএলও’র কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
আপনার মতামত লিখুন :