
একজন পেশাজীবীর কর্মজীবন শেষ হলেও তার অর্জিত দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা ও বাস্তব জ্ঞানের গুরুত্ব ফুরিয়ে যায় না। সেই মূল্যবান অভিজ্ঞতাকে দেশের ব্যবসা, নতুন উদ্যোক্তা ও তরুণ প্রজন্মের পেশাজীবীদের কল্যাণে কাজে লাগানোর সুযোগ তৈরি করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন প্ল্যাটফর্ম ‘রিটায়ারএক্সপার্ট’।
এই প্ল্যাটফর্মটির প্রধান লক্ষ্য হলো বিভিন্ন খাতের অবসরপ্রাপ্ত ও অভিজ্ঞ পেশাজীবীদের এমন সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করা, যাদের নির্দিষ্ট বিষয়ে অভিজ্ঞ পরামর্শ ও সঠিক দিকনির্দেশনা প্রয়োজন। এর মাধ্যমে উদ্যোক্তা, ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা তরুণ পেশাজীবীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সঠিক বিশেষজ্ঞ খুঁজে নিয়ে তাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবেন।
রিটায়ারএক্সপার্টের মাধ্যমে মূলত ব্যবসায়িক কৌশল, ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তি, অর্থ ও হিসাব, মানবসম্পদ এবং বিপণনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের বিশেষজ্ঞদের বাস্তব অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি হবে। অন্যদিকে, দীর্ঘ কর্মজীবন শেষ করা প্রবীণ পেশাজীবীরাও তাদের অর্জিত জ্ঞান নতুন প্রজন্মের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন। পরামর্শ, মেন্টরশিপ ও বিভিন্ন সমস্যার সময়োপযোগী সমাধানের মাধ্যমে অবসরের পরও তারা দেশের অর্থনীতি ও পেশাগত ক্ষেত্রে সক্রিয় অবদান রাখতে পারবেন।
আপনার মতামত লিখুন :