Facebook Twitter Instagram YouTube

হিজবুল্লাহকে ২০ কোটি ডলার সহায়তা দিয়েছে ইরান: দাবি সূত্রের


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ণ / ০
হিজবুল্লাহকে ২০ কোটি ডলার সহায়তা দিয়েছে ইরান: দাবি সূত্রের

চলমান সংঘাতে ইসরাইলের বিরুদ্ধে লড়াইরত হিজবুল্লাহকে ২০ কোটি ডলার সহায়তা দিয়েছে ইরান। রয়টার্সের সঙ্গে কথা বলা সরাসরি অবগত দুইজন ব্যক্তি জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে যুদ্ধে বাস্তুচ্যুত লেবানিজদের সহায়তার লক্ষ্যেই এই অর্থ প্রদান করা হয়েছে। যুদ্ধের পর হিজবুল্লাহর ক্ষতিগ্রস্ত সমর্থকদের জন্য এটিই সংগঠনটির পক্ষ থেকে পাওয়া প্রথম বড় ধরনের সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্রগুলোর দাবি অনুযায়ী, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ এবং তেহরান থেকে লেবানিজ মিত্রের কাছে অর্থ পাঠানোর পথ কঠিন হওয়া সত্ত্বেও গত মাসেই এই অর্থ হিজবুল্লাহর কাছে পৌঁছেছে। অর্থ স্থানান্তরের ক্ষেত্রে মধ্যস্থতাকারীরা ২০ শতাংশ ফি কেটে নিয়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় চার গুণ বেশি। লেনদেনের ঝুঁকি বিবেচনায় এই বাড়তি ফি নেয়া হয়েছে বলে জানা গেছে। হিজবুল্লাহর একজন কর্মকর্তা অর্থের পরিমাণ নিশ্চিত করলেও এর উৎস সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। তিনি জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে এই অর্থ বিতরণের পরিকল্পনা ঘোষণা করা হবে।

তবে মার্কিন কর্তৃপক্ষ এই দাবি প্রত্যাখ্যান করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে দাবি করেছেন, এই অর্থ ইরানে নেই। তিনি অভিযোগ করেন যে, ইরান থেকে অর্থ আসার বিষয়ে ভুয়া গল্প ছড়িয়ে হিজবুল্লাহ নিজেদের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করছে। মার্কিন ট্রেজারি বিভাগের এক মুখপাত্র আরও মন্তব্য করেন যে, তেহরানের সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের মতো পর্যাপ্ত অর্থ নেই এবং তারা অর্থ ও অর্থ স্থানান্তরের পথ দুটিই হারিয়ে ফেলছে।

পিগট আরও বলেন, হিজবুল্লাহ লেবাননের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করেছে এবং সংগঠনটি নিজেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে তেহরানও ইরানের তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের অবরোধের চাপে রয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার মাধ্যমে হিজবুল্লাহর অর্থব্যবস্থাকে চাপে রাখা অব্যাহত রাখবে এবং দক্ষিণাঞ্চল পুনর্গঠনে লেবাননের বৈধ সরকারকে সমর্থন দেবে।

প্রসঙ্গত, ১৯৮২ সালে ইরানের রেভ্যুলুশনারি গার্ডস হিজবুল্লাহ প্রতিষ্ঠা করে। ২রা মার্চ হিজবুল্লাহ আঞ্চলিক যুদ্ধে যোগ দেয়ার পর থেকে লেবাননে ইসরাইলের ব্যাপক বোমাবর্ষণ ও স্থল অভিযান চলছে। এর ফলে শিয়া মুসলিম সমর্থক জনগোষ্ঠীর কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যারা এখন পর্যন্ত হিজবুল্লাহর কাছ থেকে খুব সামান্যই সহায়তা পেয়েছেন। ওয়াশিংটন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়, জেনেভায় ইরানের স্থায়ী মিশন এবং লেবানন সরকার তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin