Facebook Twitter Instagram YouTube

বিশ্বকাপ ঘিরে সহিংসতা বন্ধে ক্রীড়া প্রতিমন্ত্রীর আহ্বান


প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ /
বিশ্বকাপ ঘিরে সহিংসতা বন্ধে ক্রীড়া প্রতিমন্ত্রীর আহ্বান

চলমান বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশজুড়ে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যে প্রবল উন্মাদনা তৈরি হয়েছে, তা যেন কোনোভাবেই সহিংসতা বা প্রাণহানির কারণ না হয়ে দাঁড়ায়। জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশবাসীর প্রতি এই আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি উল্লেখ করেন যে, নিজেদের প্রিয় দল হেরে যাওয়ায় বর্তমানে ব্রাজিল সমর্থকদের মধ্যে হতাশা বিরাজ করছে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বাংলাদেশ যেন এক প্রকার বিশ্বকাপ ফুটবল ঝড়ে আক্রান্ত। দেশের প্রতিটি মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম এই খেলা নিয়ে দারুণ আগ্রহী এবং বিভিন্ন মাধ্যমে তারা ফুটবল উপভোগ করছেন। তবে এই উন্মাদনার আড়ালে দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা ও সহিংসতার খবর পাওয়া গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। প্রতিমন্ত্রী জানান, তার কাছে থাকা তথ্য অনুযায়ী এ পর্যন্ত ১০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে, যা খুবই দুর্ভাগ্যজনক।

মো. আমিনুল হক বলেন, খেলাধুলা মূলত আনন্দদায়ক একটি বিষয়। এটি নিয়ে উৎসাহ ও উদ্দীপনা থাকা স্বাভাবিক। ঘরে ঘরে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে এক ধরনের বন্ধুত্বপূর্ণ লড়াই চলছে। তিনি দেশের ফুটবলপ্রেমীদের উদ্দেশ্যে বলেন, এই আনন্দময় পরিবেশ যেন বজায় থাকে এবং কোনোভাবেই যেন খেলাকে কেন্দ্র করে দেশে আর কোনো প্রাণনাশের ঘটনা না ঘটে।