Facebook Twitter Instagram YouTube

হবিগঞ্জের লাখাইয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক


প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ / ০
হবিগঞ্জের লাখাইয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামে একটি যৌথ পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৮টার দিকে বরকত আলী ও সালিম উদ্দিনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের ওই যৌথ পুকুরে বরকত আলীর পক্ষের লোকজন মাছ ধরতে গেলে সালিম উদ্দিনের লোকজন তাতে বাধা প্রদান করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

আহতদের মধ্যে বরকত আলী (৩৫), নাঈম (১৯), ইমন (১৮), নুর উদ্দিন (২৮), আরজান (৪৭), ফুল মিয়া (৬০), ফাহিম (১৬), মহিউদ্দিন (৪২), বায়েজিদ (৫০), গিয়াস উদ্দিন (৪০) ও মিজান উদ্দিনকে (৫০) গুরুতর অবস্থায় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

ঘটনার বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফ আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় গ্রামবাসীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকাটি সম্পূর্ণ শান্ত রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh