
ঝালকাঠি জেলায় নদী ভাঙন রোধে দুইশ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। তিনি জানিয়েছেন, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে প্রকল্পটি একনেকে (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) পাস হলে নদী ভাঙনের মতো বড় সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।
রবিবার দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনকে কেবল চিঠিপত্রের আদান-প্রদানে সীমাবদ্ধ না থেকে নদী ভাঙন রোধে কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই মাসিক সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও চলমান প্রকল্পগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সৌরবিদ্যুতের ব্যবহার, জেলার নামের বানান পরিবর্তন, ধানসিঁড়িসহ বিভিন্ন নদ-নদী খনন, বাসন্ডা সেতু, ছৈলার চর, ইকোপার্ক ও কালচারাল ভিলেজের উন্নয়ন, পেয়ারা বাগানের উন্নয়ন, বিসিক শিল্পনগরীর ব্যবস্থাপনা, নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণ এবং স্পোর্টস ভিলেজ স্থাপনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে।
সভায় জেলার শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। এর মধ্যে টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের মূল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রমের সমন্বয়, উন্নয়ন প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন এবং জনসেবার মান বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মামুন আল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলামসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :