
আসন্ন পূজা উপলক্ষে শ্রোতাদের জন্য নতুন মিউজিক্যাল ড্রামা নিয়ে আসছেন কণ্ঠশিল্পী রাশিদুল হাসান। গানটির শিরোনাম ‘লিখব না আর গান’। এই মিউজিক্যাল ড্রামাটির কথা ও সুরের পাশাপাশি সংগীতায়োজনের দায়িত্বও পালন করেছেন জিএম রহমান রনি। এতে অভিনয় করেছেন সরকার একে, রানি সরকার এবং শাকিব।
আগামী ২২ অক্টোবর শিল্পীর নিজের ইউটিউব চ্যানেল ‘হাসান মিউজিক’ থেকে গানটি প্রকাশ করা হবে। নতুন এই কাজটি নিয়ে রাশিদুল হাসান বলেন, ‘পূজা উপলক্ষে অনেক গানই মুক্তি পেয়েছে। তবে আমার এই গানটি একটু ব্যতিক্রম। আশা করছি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’
উল্লেখ্য যে, রাশিদুল হাসান নিয়মিত তার ইউটিউব চ্যানেল থেকে গান প্রকাশ করে আসছেন। এখন পর্যন্ত তার প্রকাশিত গানের সংখ্যা তিরিশ ছাড়িয়েছে। তার চ্যানেলে সর্বশেষ ‘জীবনে চাইলা যারে’ গানটি প্রকাশ হয়েছিল। এছাড়া তার গাওয়া ‘আল্লাদী’, ‘যাবজ্জীবন দুঃখ’, ‘কলিজাতে টান লাগে’, ‘তোমার প্রেম আগুনে’, ‘লাভ মানে ভালোবাসা’, ‘থাকলে দূরে মনটা পোড়ে অচিনপুর’, ‘বুঝলি না রে মন’, ‘ভালোবাসার মানে এক জীবনে’ ও ‘আকাশে মেঘ জমেছে’-এর মতো গানগুলো শ্রোতাদের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে।
আপনার মতামত লিখুন :