
চিকিৎসা মানুষের অন্যতম মৌলিক প্রয়োজন, যা মানুষের শরীর ও মনের সাথে গভীরভাবে সম্পর্কিত। মানব সভ্যতার আদিপর্বে প্রাতিষ্ঠানিক চিকিৎসালয় বা হাসপাতাল ছিল না; রোগী সুস্থ হতে ঘরোয়া পরিবেশের ওপরই নির্ভর করত। জটিল পরিস্থিতিতে ধর্মীয় মনীষীদের আশ্রম বা শিবিরে আশ্রয় নেওয়া হতো। পরবর্তীতে গ্রিক, রোমান ও মিসরীয় সভ্যতায় চিকিৎসাশাস্ত্রের কিছুটা অগ্রগতি হলেও মধ্যযুগে মুসলিম শাসক ও বিজ্ঞানীদের হাতেই এটি পূর্ণতা পায়।
ল্যাটিন শব্দ ‘Hospes’ (যার অর্থ হোস্ট বা নিয়ন্ত্রণকর্তা) থেকে ‘Hospital’ শব্দের উৎপত্তি, যার বাংলা অর্থ চিকিৎসাগার। মধ্যযুগে হাসপাতালকে ফার্সি ভাষায় বলা হতো ‘বিমারিস্তান’, যার অর্থ রোগীর স্থান। কোরআন ও হাদিস থেকে অনুপ্রেরণা নিয়ে ইবনে সিনা, আল-বেরুনি, আত-তাবারি, আর-রাজি, ইবনে রুশদ ও আলি আল মাওসুলির মতো কীর্তিমান মনীষীরা আধুনিক চিকিৎসাশাস্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন। মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-কে আদর্শ মেনে তারা এ চিকিৎসা বিপ্লব ঘটান। মহানবীর (সা.) যুগে যুদ্ধের ময়দানের কাছাকাছি নিরাপদ স্থানে অস্থায়ী তাঁবু টাঙিয়ে আহত সাহাবিদের সেবার ব্যবস্থা করা হতো। খন্দকের যুদ্ধের সময় আহত সাদ ইবনে মুআজ (রা.)-কে এমন এক স্বতন্ত্র তাঁবুতে রেখে নারী সেবিকাদের মাধ্যমে সেবা দেওয়া হয়েছিল, যা থেকে পরবর্তীতে ভ্রাম্যমাণ হাসপাতালের ধারণা প্রসার লাভ করে।
উমাইয়া খলিফা আবদুল মালিক বিন মারওয়ান (৬৪৬-৭০৫) বিপুল অর্থ ব্যয় করে একটি বিশাল হাসপাতাল প্রতিষ্ঠা করেন। সেখানে রোগীভেদে পৃথক বিভাগ, বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ চিকিৎসক, সার্বক্ষণিক সেবা প্রদানকারী নার্স এবং পুরুষ ও নারীদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা ছিল। হাসপাতালের ভেতরে-বাইরে ফুল ও ফলের গাছ লাগিয়ে মনোরম পরিবেশ তৈরি করা হয়। তাঁরই সন্তান খলিফা আল ওয়ালিদ ইবনে মালিক (৬৬৮-৭১৫) ৭০৫ থেকে ৭১৫ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসনকালে পৃথিবীর ইতিহাসে প্রথম মানসিক হাসপাতাল নির্মাণ করেন। এটি কুষ্ঠরোগীদের চিকিৎসার জন্যও বিখ্যাত ছিল এবং চিকিৎসকদের মোটা অঙ্কের বেতন-ভাতা নির্ধারিত ছিল।
আব্বাসীয় খলিফা হারুন-অর-রশিদ (৭৬৬-৮০৯) ৮০৫ হিজরিতে বাগদাদে একটি সাধারণ হাসপাতাল এবং বিখ্যাত গ্রন্থাগার ‘বাইতুল হিকমাহ’ প্রতিষ্ঠা করেন। এর পরপরই মুসলিম বিশ্বের বিভিন্ন স্থানে ৩০টিরও বেশি হাসপাতাল গড়ে ওঠে। পরবর্তী সময়ে ৮৭২ সালে আহমদ ইবনে তুলুন মিশরের কায়রোতে প্রথম হাসপাতাল স্থাপন করেন। নবম শতকে তিউনিসিয়ায় এবং ৯৮২ সালে শাসক ওদুদ আল ওয়ালিদ বাগদাদে তৎকালীন সময়ের সবচেয়ে সুবিন্যস্ত ও পরিবেশবান্ধব হাসপাতাল নির্মাণ করেন, যেখানে ২৫ জন চিকিৎসক ও বহু বিশেষজ্ঞ নিয়োজিত ছিলেন। দশম শতকে কারাগারে বন্দিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলের ভেতরেই গড়ে তোলা হয় মিনি হাসপাতাল।
দ্বাদশ শতকে কায়রোতে ‘নাসিরি’ ও ‘মানসুরি’ হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। একই সময়ে বিজ্ঞানী আল-রাজি ইরানের রাইত শহরে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। তৎকালীন সময়ে শুধু স্পেনের কর্ডোবা শহরেই ৫০টির বেশি হাসপাতাল এবং প্রায় ৫০০টি চিকিৎসাকেন্দ্র ছিল, যার মধ্যে অন্যতম ছিল ‘আল জেকিরাজ’। এটি সরকারি খরচে পরিচালিত হতো এবং রাজ চিকিৎসকরা পরিদর্শন করতেন। বিশ্বজুড়ে সামরিক বাহিনীর জন্য পৃথক হাসপাতালের ধারণাও মুসলমানদেরই তৈরি। মুসলিমদের বাইরে অভিজ্ঞ ইহুদি ও খ্রিস্টানরাও এসব হাসপাতালে কাজ করার সুযোগ পেতেন।
সিরিয়ার দামেস্কে সুলতান নুরুদ্দিন মুহাম্মদ জংগি (মৃত্যু ১১৭৪) একটি বিশাল হাসপাতাল স্থাপন করেন। আবুল হিকাম ওরফে ইবনুদ দাখওয়ার ছিলেন এর প্রধান চিকিৎসক এবং ইবনু আবি উসাইবা ও ইবনু নাফিস ছিলেন তাঁর সহকারী। হাসপাতালটিতে একটি বৃহৎ গ্রন্থাগারও সংযুক্ত ছিল, যা আজও বিদ্যমান। প্রধান পরিচালক প্রতিদিন রোগী ঘুরে দেখে বাড়ি যাওয়ার অনুমতি দিতেন এবং তাঁর সাথে নার্সদের কাফেলা থাকত।
ভারতীয় উপমহাদেশেও মুসলিম শাসনামলে চিকিৎসার ব্যাপক প্রসার ঘটে। চিকিৎসাসরঞ্জাম, ওষুধ ও অস্ত্রোপচারের জন্য পৃথক বিভাগ ও বিশেষজ্ঞ সার্জন প্রস্তুত থাকত। হিজরি ৭৫২ সালে সুলতান ফিরোজ শাহ তুঘলক ‘সিহহত খানা’ নামে হাসপাতাল প্রতিষ্ঠা করে জমি ওয়াকফ করেন এবং রোগীদের বিনামূল্যে খাবার ও চিকিৎসার ব্যবস্থা করেন। ইতিহাসবিদ ফেরেশতার মতে, সুলতান মোট পাঁচটি হাসপাতাল স্থাপন করেছিলেন। মুঘল সম্রাটদের মধ্যে জাহাঙ্গীর প্রথম প্রাতিষ্ঠানিক হাসপাতাল তৈরিতে নজর দেন। তাঁর আমলে বিখ্যাত হেকিম আলি প্রতি বছর দরিদ্রদের মাঝে প্রায় ৬ হাজার ওষুধ বিতরণ করতেন। সম্রাট আকবর ও তাঁর অমাত্যেরা নির্মিত সরাইখানাগুলোতেও চিকিৎসার ব্যবস্থা রাখা হতো। প্রাতিষ্ঠানিক ও ভ্রাম্যমাণ উভয় মাধ্যমেই সে যুগে মানুষ সেবা পেত, যা আধুনিক বিশ্বেও এক অনন্য দৃষ্টান্ত।
আপনার মতামত লিখুন :