Facebook Twitter Instagram YouTube

নির্বাচনে জয় নিয়ে চিন্তিত নেতানিয়াহু, রাজনীতি না ছাড়ার সিদ্ধান্ত


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ৮:৫০ পূর্বাহ্ণ / ০
নির্বাচনে জয় নিয়ে চিন্তিত নেতানিয়াহু, রাজনীতি না ছাড়ার সিদ্ধান্ত

আসন্ন সাধারণ নির্বাচনে নিজের জয় পাওয়া নিয়ে চরম সংশয় ও দুশ্চিন্তা প্রকাশ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রেডিও নর্থ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন যে, জয় নিশ্চিত করা প্রয়োজন হলেও নিজের জয় নিয়ে তিনি নিশ্চিত নন এবং বিষয়টি তাকে খুবই উদ্বিগ্ন রাখছে। তবে পরবর্তী সরকার গঠনে ব্যর্থ বা পরাজিত হলেও রাজনীতি থেকে অবসর নেওয়ার কোনো পরিকল্পনা তার নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

সাক্ষাৎকারজুড়ে নিজ রাজনৈতিক প্রতিপক্ষ গাদি আইজেনকোট, নাফতালি বেনেট এবং আবিগদোর লিবারম্যানের তীব্র সমালোচনা করেন নেতানিয়াহু। তিনি দাবি করেন, তাদের নেতৃত্বে কোনো সরকার গঠিত হলে তা টিকিয়ে রাখতে সম্পূর্ণভাবে আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করতে হবে। পাশাপাশি সাবেক সেনাপ্রধান আইজেনকোটের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বা বিশ্বমঞ্চে আইজেনকোটের কোনো অবস্থান বা প্রভাব নেই। ইরানের পারমাণবিক হুমকি মোকাবিলায় তিনি নিষ্ক্রিয় থাকবেন উল্লেখ করে ইসরাইলি প্রধানমন্ত্রী দাবি করেন, আইজেনকোট আগে পারমাণবিক ইরানকে মেনে নেওয়ার কথা বলেছিলেন এবং খামেনির ওপর হামলাকে ভুল সিদ্ধান্ত আখ্যা দিয়েছিলেন। নেতানিয়াহুর মতে, অস্তিত্বের সংকটে আপস না করে শক্ত ভূমিকা রাখা দরকার, যা করতে আইজেনকোট বা তার সঙ্গীরা সম্পূর্ণ ব্যর্থ।

এদিকে, ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সাবেক প্রধান রোনেন বার তার বিরুদ্ধে যে মানহানি মামলা করেছেন, সে বিষয়েও মুখ খোলেন নেতানিয়াহু। রোনেন বারের তোলা সব অভিযোগ অস্বীকার করে তাকে ‘মিথ্যাবাদী’ হিসেবে আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী। নেতানিয়াহু বলেন, তিনি রাষ্ট্রীয় নিয়ন্ত্রকের কাছে প্রায় ১,০০০ নথি জমা দিয়েছেন, যার অনেকগুলো ইন্টারনেটেও বিদ্যমান। তিনি আরও অভিযোগ করেন, হামলা চালানোর মাত্র দুই দিন আগেও রোনেন বার সুবিধার বিনিময়ে নিরাপত্তা বজায় রাখার পরামর্শ সম্বলিত প্রতিবেদন দিয়েছিলেন এবং শুরু থেকেই মিথ্যা বলে আসছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor