Facebook Twitter Instagram YouTube

মাতারবাড়ী বন্দর ঘিরে জাপান-ভারতের পরিকল্পনা ও বাংলাদেশের কৌশলগত সমীকরণ


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ / ০
মাতারবাড়ী বন্দর ঘিরে জাপান-ভারতের পরিকল্পনা ও বাংলাদেশের কৌশলগত সমীকরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য জাপান সফরকে সামনে রেখে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে একটি বড় ধরনের আঞ্চলিক যোগাযোগ ও শিল্প উন্নয়নের রূপরেখা তৈরি করছে টোকিও। ভারতের প্রভাবশালী দৈনিক 'দ্য হিন্দু'-র একটি প্রতিবেদনের সূত্র ধরে ১৯ অক্টোবর প্রকাশিত খবরে জানা গেছে, জাপানের পরিকল্পনা হলো মাতারবাড়ী বন্দর ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সঙ্গে বঙ্গোপসাগরীয় এলাকা ও দক্ষিণ-পূর্ব এশিয়াকে যুক্ত করা। এর মাধ্যমে একটি সমন্বিত 'শিল্পমূল্য শৃঙ্খল' (ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু চেইন) গড়ে তুলতে চায় দেশটি। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কূটনৈতিক কর্মকর্তা দ্য হিন্দুকে জানিয়েছেন, মাতারবাড়ী বন্দরের মাধ্যমে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শিল্পকেন্দ্রে রূপান্তর করা এবং আঞ্চলিক যোগাযোগ জোরদার করা সম্ভব।

কৌশলগত ও অর্থনৈতিক অবস্থানের দিক থেকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর শুধু বাংলাদেশের একটি সাধারণ পরিকাঠামো প্রকল্প নয়। এটি বঙ্গোপসাগরের অর্থনীতি, চীন-ভারতের আঞ্চলিক প্রতিযোগিতা এবং যুক্তরাষ্ট্রের ইন্দোপ্যাসিফিক কৌশলের কেন্দ্রে অবস্থান করছে। অর্থনৈতিক ও কৌশলগত এই উদ্যোগ বাস্তবায়নে জাপান মূলত তার অর্থায়নে সফল হওয়া 'ব্যাংকক-কম্বোডিয়া-ভিয়েতনাম উন্নয়ন করিডর'-কে মডেল হিসেবে অনুসরণ করছে।

টোকিওর এই পদক্ষেপ কেবল বাণিজ্যিক সুবিধার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি তাদের 'ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক' (ফিওআইপি) কৌশলেরই অংশ। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হোরি ইওয়া জানান, উত্তর-পূর্ব ভারতের বিকাশ এবং বঙ্গোপসাগরকে যুক্ত করে শিল্পমূল্য শৃঙ্খল তৈরিতে কাজ করছে জাপান। কৌশলগতভাবে প্রকাশ্যে চীনের নাম না নিলেও বেইজিংয়ের 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' (বিআরআই)-এর বিপরীতে একটি স্বচ্ছ, টেকসই ও উচ্চমানের অবকাঠামো গড়ে তোলাই এই রূপরেখার মূল উদ্দেশ্য। জাপানের জন্য মাতারবাড়ী দুটি কারণে আকর্ষণীয়—একদিকে এটি চীনের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প সরবরাহ ব্যবস্থার পথ খুলে দেয়, অন্যদিকে জাপানি বেসরকারি খাতের বিনিয়োগ ও বাজারের সুযোগ তৈরি করে। ইতিমধ্যে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ধুবড়ি-ফুলবাড়ি সেতু, সড়ক নেটওয়ার্ক ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করেছে টোকিও, যার সামুদ্রিক সম্প্রসারণ হিসেবে কাজ করবে মাতারবাড়ী।

ভারতের দৃষ্টিভঙ্গিতে মাতারবাড়ীর অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব দ্বিমুখী। ভৌগোলিকভাবে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চল সংসংলগ্ন সংকীর্ণ শিলিগুড়ি করিডরের ওপর অতি-নির্ভরতা অর্থনৈতিকভাবে অত্যন্ত ব্যয়বহুল এবং কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের চট্টগ্রাম ও মাতারবাড়ী বন্দর ব্যবহারের সুযোগ পেলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে পণ্য পরিববহন সহজ ও সাশ্রয়ী হবে। তবে এই সুবিধার সাথে রাজনৈতিক ও ভূখণ্ডগত সংবেদনশীলতাও যুক্ত। ফেনী নদীর ওপর নির্মিত মৈত্রী সেতু চালুর মাধ্যমে ত্রিপুরা থেকে চট্টগ্রাম ও মাতারবাড়ীতে যোগাযোগের সুযোগ রয়েছে, যা রাজনৈতিক অনিশ্চয়তার কারণে এখনো কার্যকর হয়নি। ২০১৭ সালে গঠিত 'জাপান-ভারত অ্যাক্ট ইস্ট ফোরাম'-এর অধীন মাতারবাড়ী হতে পারে ভারতের 'অ্যাক্ট ইস্ট' নীতি বাস্তবায়নের সবচেয়ে বড় সমুদ্রমুখী প্রবেশদ্বার।

অন্যদিকে, বেইজিংয়ের মূল পরিকল্পনা হলো চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর (সিএমইসি/CMEC)—যা ইউনান প্রদেশকে কিয়াউকপিউ গভীর সমুদ্রবন্দরের সঙ্গে যুক্ত করবে। কিয়াউকপিউ চীনের জন্য মালাক্কা প্রণালী এড়ানোর একটি সরাসরি পথ, যা মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে আসা তেল ইউনানে পৌঁছাতে পারে। এই করিডরের মধ্যে রয়েছে তেল ও গ্যাস পাইপলাইন, রেলসংযোগ এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এই প্রেক্ষাপটে মাতারবাড়ীতে জাপান-ভারতের প্রভাব বাড়লে বেইজিং তা নিজের কৌশলগত পরিবেশের পরিবর্তন হিসেবে দেখতে পারে। কারণ মাতারবাড়ী যদি সফল হয়, তবে বঙ্গোপসাগরে একটি জাপান-ভারত-মার্কিন সমর্থিত বিকল্প নোড তৈরি হবে—যা চীনের কিয়াউকপিউ-নির্ভর কৌশলের গুরুত্ব কমিয়ে দিতে পারে। তবে বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক সংশ্রবও অত্যন্ত সুদৃঢ়; চীন বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার, প্রধান সামরিক সরঞ্জাম সরবরাহকারী ও দ্বিতীয় বৃহত্তম বিদেশি বিনিয়োগকারী। ২০২৬ সালের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে মোংলা বন্দর উন্নয়ন ও চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডরের প্রস্তাবসহ ১৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এমতাবস্থায় কোনো নির্দিষ্ট শক্তির দিকে না ঝুঁকে নিজের জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশকে একটি সুনির্দিষ্ট সামুদ্রিক কৌশল অবলম্বন করতে হবে। প্রথমত, ব্যবস্থাপনা, নিরাপত্তা, শুল্ক, পোর্ট কমিউনিকেশন ও সংকটকালীন নিয়ন্ত্রণসহ বন্দরের সার্বিক মালিকানা সম্পূর্ণভাবে বাংলাদেশের হাতেই থাকতে হবে—জাপান বা ভারতের অর্থায়নের অর্থ যেন তাদের প্রশাসনিক নিয়ন্ত্রণ নির্দেশ না করে। দ্বিতীয়ত, সাংবিধানিক নীতি "সবার সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়" বজায় রেখে জাপান, ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও ইইউ-এর সাথে বহুমুখী ভারসাম্যপূর্ণ অংশীদারত্ব নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, ভারতকে বা অন্য কোনো দেশকে ট্রানজিট দেওয়ার ক্ষেত্রে রাজস্ব, নিরাপত্তা, পরিবেশগত দায় ও রাজনৈতিক সীমা আইনগতভাবে স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে, কারণ শর্তহীন ট্রানজিট সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলে।

চতুর্থত, নৌবাহিনী, কোস্টগার্ড, সাইবার সুরক্ষা, সামুদ্রিক নজরদারি ও দুর্যোগ ব্যবস্থাপনায় বিনিয়োগ বাড়িয়ে নিজস্ব সামুদ্রিক নিরাপত্তা সক্ষমতা জোরদার করা আবশ্যক। কারণ বৈশ্বিক পরাশক্তিগুলো বন্দরকে শুধু কনটেইনার খালাসের জায়গা নয়, বরং সামরিক ও কৌশলগত ব্যবহারের সম্ভাব্য কেন্দ্র হিসেবে বিচার করে। পরিশেষে, মিয়ানমার ও রোহিঙ্গা সংকটের বিষয়টিকেও সমীকরণে রাখতে হবে। মিয়ানমারের রাখাইন রাজ্যে অস্থিতিশীলতা এবং কিয়াউকপিউ বন্দরের কাছাকাছি এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঘটনা বঙ্গোপসাগরের সামগ্রিক স্থিতিশীলতাকে প্রভাবিত করছে। ফলে ভূরাজনৈতিক এসব টানাফোড়েনের মধ্যেও নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা, অর্থনৈতিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে এবং আঞ্চলিক ভারসাম্য বজায় রেখে জাপান, ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক পরিচালনা করাই হবে বাংলাদেশের মূল পরীক্ষা।

কিন্তু জাপানের এই উদ্যোগ কেবল অর্থনৈতিক নয়। এটি তার ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক’ (ফিওআইপি/FOIP) কৌশলের অংশ। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হোরি ইওয়া স্পষ্ট বলেছেন, জাপান উত্তর-পূর্ব ভারতের উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে এবং “বঙ্গোপসাগর ও উত্তর-পূর্ব ভারতকে সংযুক্ত করার ‘শিল্পমূল্য শৃঙ্খল’ ধারণা বাস্তবায়নে কাজ করছে”। এই কৌশলের লক্ষ্য স্পষ্ট: চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই/BRI) বিকল্প একটি স্বচ্ছ, টেকসই ও উচ্চমানের সংযোগ কাঠামো গড়ে তোলা—যদিও জাপান বা ভারত কেউই প্রকাশ্যে চীনের নাম নেয় না ।জাপানের জন্য মাতারবাড়ীর আকর্ষণ দ্বিমুখী। প্রথমত, এটি চীনের ওপর নির্ভরতা কমাতে বিকল্প সরবরাহ শৃঙ্খল তৈরিতে সহায়ক। দ্বিতীয়ত, এটি জাপানের বেসরকারি খাতের জন্য নতুন বাজার ও বিনিয়োগের সুযোগ তৈরি করবে। জাপান ইতিমধ্যে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ধুবড়ি-ফুলবাড়ি সেতু, সড়ক নেটওয়ার্ক এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করছে । মাতারবাড়ী সেই বিনিয়োগের একটি সমুদ্রমুখী সম্প্রসারণ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin