Facebook Twitter Instagram YouTube

ইসরাইলি সেনাবাহিনীতে দায়িত্ব এড়ানো ইহুদিদের সংখ্যা লাখ ছাড়ালো


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ৪:২৬ অপরাহ্ণ / ০
ইসরাইলি সেনাবাহিনীতে দায়িত্ব এড়ানো ইহুদিদের সংখ্যা লাখ ছাড়ালো

ইসরাইলি সেনাবাহিনীতে সামরিক দায়িত্ব থেকে পালিয়ে বেড়ানো ইহুদিদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সংখ্যা বেড়ে প্রায় ১ লাখ ১০ হাজারে দাঁড়িয়েছে। অথচ ২০২৬ সালের শুরুতে এই সংখ্যা ছিল প্রায় ৭৫ হাজার। রোববার সন্ধ্যায় ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান এই প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, বাহিনীতে যোগ দেওয়ার জন্য হাজার হাজার সামরিক তলব আদেশ জারি করা হলেও দায়িত্ব এড়িয়ে চলা ব্যক্তিদের সংখ্যা কমছে না। বরং আগামী দিনগুলোতে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরাইলি সেনাবাহিনীর নিজস্ব হিসাব বলছে, বর্তমানে যারা সামরিক দায়িত্ব এড়িয়ে চলছেন, তাদের প্রায় ৮০ শতাংশই অতি-গোঁড়া ইহুদি সম্প্রদায়ের সদস্য, যারা 'হারেদি' নামে পরিচিত।

সুপ্রিম কোর্টের রায়ে এই ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের নির্দেশনা থাকলেও বাস্তবে পরিস্থিতি ভিন্ন। হাতেগোনা কয়েকটি ঘটনা ছাড়া আইন প্রয়োগের প্রক্রিয়াটি কার্যত স্থবির হয়ে আছে। কর্তৃপক্ষ বেন গুরিয়ন বিমানবন্দরে কয়েকজনকে গ্রেপ্তারের পাশাপাশি বিভিন্ন স্থানে আকস্মিক অভিযান চালিয়ে ১৪ জন হারেদি ইহুদি এবং অন্য সম্প্রদায়ের আরও ১৩ জনকে গ্রেপ্তার করেছে।

চলতি মাসে বড় পরিসরে অভিযান চালানোর পরিকল্পনা থাকলেও পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে মতবিরোধের কারণে তা বাতিল করা হয়। পুলিশ এই অভিযানে সহায়তার জন্য সেনাবাহিনীর কাছে ৩০০ সেনাসদস্য চেয়েছিল। তবে সেনাবাহিনী সেই অনুরোধ প্রত্যাখ্যান করে জানায়, সামরিক দায়িত্ব এড়িয়ে চলা ব্যক্তিদের গ্রেপ্তার করা তাদের দায়িত্বের আওতাভুক্ত নয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh