
অস্ট্রেলিয়ার পার্লামেন্ট সদস্য হেলেন হেইনস এক গাড়িচাপায় মারাত্মক আহত হয়ে গুরুতর সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভিক্টোরিয়া রাজ্যের ওয়ানগারাট্টায় অবস্থিত নিজের আঞ্চলিক নির্বাচনী কার্যালয়ের বাইরের এক গাড়ি পার্কিং এলাকায় তাকে একটি চার চাকার যান ধাক্কা দেয়। পুলিশ পুরো ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে কি না তা খতিয়ে দেখছে। অনলাইন বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ঘটনাকে কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং একটি ‘পরিকল্পিত কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন। ঘটনার পর তদন্ত জোরদার করা হয়েছে এবং প্রধানমন্ত্রী জানান, সন্ত্রাসবাদ দমনবিষয়ক পুলিশ কর্মকর্তারাও এই ঘটনার তদন্তে অংশ নিয়েছেন।
এদিকে ওয়ানগারাট্টায় নির্বাচনী কার্যালয়ের কাছে হেলেন হেইনসকে গাড়িচাপা দেয়ার ঘটনায় ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভিক্টোরিয়া পুলিশ। সন্দেহভাজন ব্যক্তি ভিক্টোরিয়ার পার্শ্ববর্তী এলাকা টারাওয়িঙ্গির বাসিন্দা। ঘটনার সময় তিনি একটি সাদা রঙের টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি চালাচ্ছিলেন। ঘটনাস্থলে উপস্থিত এক পথচারী প্রথমে ওই ব্যক্তিকে আটকে রাখেন, পরবর্তীতে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। তল্লাশির সময় ওই গাড়িটির ভেতর থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। তবে এই হামলার নেপথ্য উদ্দেশ্য এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
অস্ট্রেলিয়ার বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেলর ঘটনার পর গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে জানান, তিনি হেলেনের দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করছেন এবং তার পরিবার ও প্রিয়জনদের পাশে রয়েছেন। দেশবাসীর জন্য এটিকে একটি অত্যন্ত শোকাবহ দিন হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ওয়ানগারাট্টায় নির্বাচনী কার্যালয়ের বাইরে হেলেনের ওপর এ ধরনের হামলায় পুরো অস্ট্রেলিয়া ক্ষুব্ধ ও হতবাক। এভাবে কাউকেও লক্ষ্যবস্তু করা উচিত নয়। তিনি স্পষ্ট করে বলেন, কোনো সহিংস আক্রমণকে স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেয়ার মতো পরিস্থিতি তৈরি হতে দেওয়া যাবে না।
অ্যাঙ্গাস টেলর আরও জানান, প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে তার কথা হয়েছে এবং রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই জনজীবনের অংশ বা গ্রহণযোগ্য হতে পারে না বলে তারা দুজন একমত পোষণ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, উত্তর-পূর্ব ভিক্টোরিয়ার হেলেন, তার পরিবার এবং সেখানকার প্রতিনিধি এলাকার বাসিন্দারা অনুধাবন করবেন যে এই সংকটময় সময়ে পুরো দেশের মানুষ তাদের পাশেই দাঁড়িয়েছে।
ভিক্টোরিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী বেন ক্যারলও এই ‘সহিংস হামলার’ তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। ওয়ানগারাট্টার জনগণ এবং এমপি হেলেন হেইনস যাদের প্রতিনিধিত্ব করেন, তাদের জন্য ঘটনাটি কতটা হৃদয়বিদারক ও বিধ্বংসী হতে পারে তা উল্লেখ করে তিনি উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় পুলিশের প্রতি ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।
আপনার মতামত লিখুন :