Facebook Twitter Instagram YouTube

মদনে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে লুৎফুজ্জামান বাবরের শাড়ি বিতরণ


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ৫:২০ অপরাহ্ণ / ০
মদনে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে লুৎফুজ্জামান বাবরের শাড়ি বিতরণ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার— এই অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষ থেকে মদন উপজেলার দুস্থ ও অসহায় সনাতনী সম্প্রদায়ের মাঝে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরভিত্তিক শাড়ি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট মদন উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা নির্বাহী অফিসার জনাব এম. এ. কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির সভাপতি জনাব নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম আকন্দ, মদন পৌর বিএনপির সভাপতি জনাব কামরুজ্জামান চন্দন এবং সাধারণ সম্পাদক জনাব শেখ আব্দুল কাদির। এছাড়াও অনুষ্ঠানে যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম হাসান এবং সাধারণ সম্পাদক সাইমন আকন্দ লিমনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। এই উৎসব যাতে সবাই আনন্দের সাথে উদযাপন করতে পারে, সেজন্যই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য জনাব লুৎফুজ্জামান বাবরের এই মানবিক উদ্যোগ। তারা আরও জানান, ভবিষ্যতেও এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানের শেষভাগে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধি এবং দুস্থ ও অসহায় মানুষের হাতে শারদীয় উপহার হিসেবে শাড়ি তুলে দেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh