Facebook Twitter Instagram YouTube

অক্টোবরেই সরকারি চাকরিজীবীদের বাড়তি মূল বেতন, ভাতা আগের হারে


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ / ০
অক্টোবরেই সরকারি চাকরিজীবীদের বাড়তি মূল বেতন, ভাতা আগের হারে

চলতি অক্টোবর মাসের শেষেই সরকারি চাকরিজীবীরা নতুন বেতনকাঠামো অনুযায়ী বর্ধিত মূল বেতন পেতে যাচ্ছেন। তবে, প্রচলিত ভাতা আপাতত আগের হারেই পরিশোধ করা হবে, যা পরের আদেশ জারি না হওয়া পর্যন্ত বহাল থাকবে। অর্থাৎ, চলতি বছরের ৩০ জুন যে হারে ভাতা দেওয়া হতো, সেই হারেই ভাতা পেতে থাকবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রজ্ঞাপন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে।

সরকার জানিয়েছে, সরকারি চাকরিজীবীদের ২০২৬ সালের বেতন ও ভাতাদি আদেশে নির্ধারিত মূল বেতন কার্যকর না হওয়া পর্যন্ত প্রচলিত মূল বেতনের শতকরা হারে ভাতা দেওয়ার বিধান করা হয়েছে। নতুন বেতন ও ভাতাদি আদেশের প্রজ্ঞাপনটি ঠিক এক মাস আগে গত ১৯ সেপ্টেম্বর জারি হয়েছিল। অবশ্য, নতুন বেতনকাঠামো অনুযায়ী ভাতা যে পরে দেওয়া হবে, সে ঘোষণা আগেই দেওয়া হয়েছিল।

নতুন বেতনকাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এই বেতনকাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর হলেও, সরকারি চাকরিজীবীদের পুরো বর্ধিত বেতন ধাপে ধাপে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৬-২৭ ও ২০২৭-২৮—এই দুই অর্থবছরে ধাপে ধাপে বেতন-ভাতা কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপে মূল বেতন কার্যকর হবে। এরপর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় ধাপ এবং একই বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তৃতীয় ধাপে মূল বেতন কার্যকর করা হবে। ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

এদিকে, নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন অনলাইনে নির্ধারণ করার কাজ চলছে। এই প্রক্রিয়া আগামীকাল মঙ্গলবার শেষ হওয়ার কথা রয়েছে। গত ৫ অক্টোবর থেকে সরকারি কর্মচারীরা সরকারের আইবাস প্লাস প্লাসের ‘পে ফিক্সেশন’ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করছেন।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষে সরকারি কর্মচারীরা বর্ধিত হারে মূল বেতন পাবেন। এ জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দও রাখা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin