
ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ধারাবাহিক ও প্রাণঘাতী হামলার কারণে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ফ্ল্যাগশিপ ইভেন্ট 'ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ' (এফআইআই) সম্মেলন আগামী বছর পর্যন্ত স্থগিত করা হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এক বিবৃতিতে আয়োজকরা এই সিদ্ধান্তের কথা জানান। সম্মেলনটি আগামী ২৬ অক্টোবর শুরু হয়ে ২৯ অক্টোবর পর্যন্ত চলার কথা ছিল। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছরের সম্মেলনের নতুন তারিখ খুব শিগগিরই ঘোষণা করা হবে।
এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মহা বিনতে মিশারি আল সৌদ বলেন, অংশীদার, সদস্য, বক্তা ও প্রতিনিধিদের প্রতি গভীর দায়বদ্ধতা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দশম আয়োজন হিসেবে এটিকে অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই পরিবর্তন আনা হয়েছে, যাতে অংশগ্রহণকারীরা কাঙ্ক্ষিত ইতিবাচক অভিজ্ঞতা লাভ করতে পারেন।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি জোট এবং ইরান-ঘনিষ্ঠ হুথি বিদ্রোহীদের মধ্যে গত কয়েক সপ্তাহে লড়াই চরম আকার ধারণ করেছে। আনসারুল্লাহ নামে পরিচিত হুথি যোদ্ধারা রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ সৌদি আরবের বিভিন্ন সামরিক, জ্বালানি ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এসব ঘটনায় অন্তত ১৮ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হয়েছেন।
হুথিদের এই লাগাতার হামলার মুখে রিয়াদের সরকারি সংস্থাগুলো তাদের কর্মীদের ঘরে বসে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করার নির্দেশ দিয়েছে। এএফপিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন সেখানকার এক কর্মকর্তা ও দুজন পরামর্শক। গত রোববার রাজধানীর একটি সরকারি সংস্থার কর্মীরা এই মর্মে বার্তা পেয়েছেন যে, চলতি সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রিমোট ওয়ার্ক বা দূরবর্তী কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের বিভিন্ন কোম্পানি, যেখানে মার্কিন বড় বড় প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে, তারাও কর্মীদের ঘরে বসে কাজ করার পরামর্শ দিয়েছে।
আপনার মতামত লিখুন :