
শারদীয় দুর্গাপূজার ছুটিতে ঘরমুখো যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের নির্দেশে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে তিন জোড়া বিশেষ ট্রেন আজ মঙ্গলবার থেকে নিয়মিত চলাচল শুরু করছে।
ট্রেন সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) আজ থেকে আগামী শনিবার পর্যন্ত ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করেছে। যাত্রী যাতায়াত সহজতর করার লক্ষ্যে দেশের ২২টি ডিপো থেকে ২০০টি বাস প্রস্তুত রাখা হয়েছে এবং এগুলোর অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে। বিআরটিসি জানিয়েছে, যাত্রীদের চাহিদার ভিত্তিতে ভবিষ্যতে বাসের সংখ্যা আরও বৃদ্ধি করা হতে পারে। এই বিশেষ বাসগুলো মূলত ঢাকার বিভিন্ন ডিপো ও গাজীপুর থেকে দেশের ২৬টি জেলা শহর এবং বিভিন্ন আন্তঃজেলা রুটে যাতায়াত করবে। জরুরি প্রয়োজনে যাত্রীদের বিআরটিসির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
উৎসবের সময় যেন কোনো অপ্রীতিকর ঘটনা, টিকিটের কালোবাজারি কিংবা অতিরিক্ত ভাড়া আদায়ের মতো ঘটনা না ঘটে, সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নৌ ও সড়ক পরিবহন মন্ত্রী। অনিয়ম ও যাত্রী হয়রানি রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সেতুর টোল প্লাজাগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রাখার নির্দেশনা দিয়েছেন তিনি। সড়ক, রেল ও নৌপথের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বয় বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
আপনার মতামত লিখুন :