Facebook Twitter Instagram YouTube

ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মজিবুর রহমান মঞ্জু


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ / ০
ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মজিবুর রহমান মঞ্জু

ধর্মীয় সংবেদনশীল বিষয়ে সহিষ্ণু আচরণ রাষ্ট্রীয় ঐক্যকে সুদৃঢ় করবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সোমবার রাতে ফেনী জেলায় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, ধর্ম নিয়ে যারা বিভেদ সৃষ্টি করতে চায়, তারা দেশ ও জাতির শত্রু। কোনো দায়িত্বশীল ব্যক্তিরই ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা উত্তেজনা সৃষ্টির মতো কর্মকাণ্ডে উৎসাহ দেওয়া উচিত নয় বলে তিনি উল্লেখ করেন।

মঞ্জু তার বক্তব্যে ‘ধর্ম যার, উৎসব তার, রাষ্ট্র সবার’—এই মূলনীতির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার সমান এবং রাজনৈতিকভাবেও এতে কোনো তারতম্য নেই। রাষ্ট্রের প্রধান দায়িত্ব হলো নাগরিকদের এই অধিকার সমুন্নত রাখা। তিনি আরও অভিযোগ করেন যে, ক্ষমতাসীন গোষ্ঠী নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে গিয়ে নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে এবং অনেক সময় ক্ষমতাকেন্দ্রিক দ্বন্দ্বে ধর্মীয় পরিচয়কে বিভেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। প্রকৃত ধার্মিকেরা কখনোই হিংসা-হানাহানি বা অন্যকে হেয়প্রতিপন্ন করাকে সমর্থন করেন না বলেও তিনি মন্তব্য করেন।

পরিদর্শনকালে মজিবুর রহমান মঞ্জু দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহরতলির কুমিরা পূজামণ্ডপ, উত্তর খানেবাড়ি দুর্গা-কালী মন্দির, মাস্টারপাড়া গুরুদাস চক্র মন্দির, কালীবাড়ি মন্দির ও জগন্নাথবাড়ি মন্দিরসহ বিভিন্ন স্থানে যান। তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী প্রবাসীকল্যাণবিষয়ক সম্পাদক নুর নবী নয়ন, ফেনী জেলা আহ্বায়ক মাস্টার আহছান উল্যাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকি, ভারপ্রাপ্ত সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন আনসারী, যুগ্ম সদস্যসচিব নজরুল ইসলাম কামরুল, সদর উপজেলা আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবু সাইদ খান, এবি যুব পার্টির আহ্বায়ক শফিউল্যাহ পারভেজ ও সদস্যসচিব এস এম ইব্রাহিম সোহাগসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh