Facebook Twitter Instagram YouTube

কোম্পানীগঞ্জে দেনার চাপে ওয়ার্কশপ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ / ০
কোম্পানীগঞ্জে দেনার চাপে ওয়ার্কশপ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রূপন কর্মকার (৩২) নামের এক ওয়ার্কশপ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল চারটার দিকে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে আবদুল কাদেরের ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায় লোকসান ও দেনার চাপে তিনি আত্মহত্যা করেছেন।

স্থানীয় বাসিন্দা ও থানা সূত্রে জানা যায়, রূপন কর্মকার দীর্ঘদিন ধরে বসুরহাট বাজারে ওয়ার্কশপের ব্যবসা করতেন। ব্যবসার জন্য নিজস্ব পুঁজি না থাকায় তিনি স্থানীয় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সুদে ও হাওলাতে টাকা নিয়ে ব্যবসা পরিচালনা করতেন। ব্যবসায় লোকসানের কারণে একপর্যায়ে পাওনাদারদের টাকা পরিশোধ করতে পারছিলেন না তিনি। এ নিয়ে তিনি তীব্র আর্থিক সংকটে ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রূপন কর্মকার স্ত্রী ও সন্তানকে নিয়ে বসুরহাট পৌরসভার ওই ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনার সময় তার স্ত্রী ও সন্তান বাসায় ছিলেন না; তাঁরা শ্বশুরবাড়িতে ছিলেন বলে জানা গেছে। রূপন কর্মকারের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক আনোয়ার ভূঞা জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh