Facebook Twitter Instagram YouTube

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ / ০ Views
পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ভূঁইয়াবাড়ী ব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রূপগঞ্জ উপজেলার দিঘিরপাড় এলাকার আক্তার মিয়ার ছেলে রুদ্র মিয়া এবং বেল্লারটেক এলাকার কামালের ছেলে ইয়াছিন। এই দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী বাঘবের সিটি মার্কেট এলাকার জিল্লুরের ছেলে শ্রাবণ মিয়া গুরুতর আহত হয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন বন্ধু মিলে একটি নিবন্ধনহীন মোটরসাইকেলে করে পূর্বাচল এলাকায় ঘুরতে বেরিয়েছিলেন। ভূঁইয়াবাড়ী ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেন দিয়ে উল্টো পথে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন এবং ট্রাক নিয়ে পালিয়ে যান। বর্তমানে পুলিশ ট্রাক ও চালককে শনাক্ত করার পাশাপাশি আটকের চেষ্টা চালাচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh