Facebook Twitter Instagram YouTube

কক্সবাজারের হোটেলে অগ্নিকাণ্ড: নিরাপদে বের হলেন তিন শতাধিক পর্যটক


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ / ০
কক্সবাজারের হোটেলে অগ্নিকাণ্ড: নিরাপদে বের হলেন তিন শতাধিক পর্যটক

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে অবস্থিত আবাসিক হোটেল ‘দ্য সি প্রিসেন্স’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় এই আগুনের সূত্রপাত হয়।

ঘটনার সময় হোটেলটিতে তিন শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই সকল পর্যটক নিরাপদে হোটেল থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। অগ্নিকাণ্ডে হোটেলের পার্কিং এলাকার জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্য ও হোটেল কর্তৃপক্ষের প্রায় আধা ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ধারণার ভিত্তিতে তিনি জানান, জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের বলেন, তাদের হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা রয়েছে। কর্মীদের দক্ষতার কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এবং হোটেলে অবস্থানরত সকল পর্যটক নিরাপদ আছেন।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকায় ‘টুপটুপ রিসোর্ট’ নামে একটি আবাসিক প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার এক সপ্তাহের ব্যবধানে কক্সবাজারের আরেকটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin