রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী ‘ষষ্ঠ ডিপ্লোমা সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি দীর্ঘদিনের অমীমাংসিত শিক্ষা কারিকুলাম এবং গবেষণাগার ও আধুনিক যন্ত্রপাতির সংকটের কথা তুলে ধরেন। তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এ বিশাল খাতের সংকট নিরসনে সরকারের কোনো সদুদ্যোগ চোখে পড়ছে না।
নুরুল ইসলাম সাদ্দাম কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান। তিনি আরও বলেন, একটি টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। দেশের উন্নয়ন ও উৎপাদনের অন্যতম চালিকাশক্তি ডিপ্লোমা প্রকৌশলীদের সততা, নৈতিকতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নিজেদের দক্ষ করে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের নিজেদের অধিকার আদায় এবং বিদ্যমান সংকট নিরসনে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
সামিটে আমন্ত্রিত অতিথি ও দায়িত্বশীলরা পেশাগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, সময়ানুবর্তিতা ও ইসলামি শিষ্টাচার চর্চার ওপর গুরুত্ব দিয়েছেন। তারা শিক্ষার্থীদের নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে দেশের ইতিবাচক পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে ‘ডিপ্লোমা প্রকৌশলীদের ক্যারিয়ার ভাবনা ও জব অপরচুনিটি’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন ডুয়েটের সাবেক সভাপতি প্রকৌশলী ইরফানুল হাসান সাকিব ও প্রকৌশলী ইমরুল কায়েস পরাগ, এলজিইডির সহকারী প্রকৌশলী জাহিদুল হাসান, ন্যাশনাল ডিপ্লোমা ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল মো. এম রহমান বাপ্পি এবং এফডিইবি নেতারা। এ ছাড়া ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক নোমান হোসেন নয়ন, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক হেলাল উদ্দিন রুবেল এবং শিল্প ও সংস্কৃতি সম্পাদক জাকির হোসেনসহ বিভিন্ন পেশাজীবী ও শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :