Facebook Twitter Instagram YouTube

মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ইস্তাম্বুলে ৮ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ / ০
মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ইস্তাম্বুলে ৮ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের বিস্তার ঠেকানো, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে তুরস্কের ইস্তাম্বুলে আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একত্রিত হয়েছেন। শুক্রবার বসফরাস প্রণালির তীরবর্তী একটি হোটেলে এই নজিরবিহীন বৈঠকটি শুরু হয়। এর আগে ইউরোপীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিনিধিরা পৃথকভাবে আলোচনা করেন।

বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি নতুন গঠিত ‘আর৪’ গোষ্ঠীর সদস্যদেশ তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও মিসরের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। আলোচনায় ফিলিস্তিন, ইয়েমেন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়গুলোও উঠে এসেছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের দপ্তর জানিয়েছে, বৈঠকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পূর্ণ অধিকার ও স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠায় কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইরানের কৌশলগুলো কীভাবে মধ্যপ্রাচ্যের অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ছে তা তুলে ধরার পাশাপাশি সতর্ক করেছেন যে, সৌদি আরবে হামলা আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়াচ্ছে এবং বাব আল-মান্দেব প্রণালি ও সুয়েজ খালের মতো গুরুত্বপূর্ণ নৌপথের ওপর চাপ সৃষ্টি করছে।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলটির চরম অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে এই প্রথম এ ধরনের কাঠামোয় বৈঠক হচ্ছে। যেসব সংকট সংশ্লিষ্ট দেশগুলো নিজেরা সৃষ্টি করেনি অথচ সবার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে, সেগুলো মোকাবিলায় ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সমন্বয় জোরদার করাই এই বৈঠকের মূল লক্ষ্য।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ক্রমবর্ধমান হামলার কারণে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ চরমে পৌঁছেছে। এসব হামলার জেরে দেশটির প্রধান বিমানবন্দর বন্ধ রাখা এবং একটি বড় বিনিয়োগ সম্মেলন স্থগিত করতে হয়েছে। সমুদ্রপথে অবরোধের মুখে পড়ায় বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশটির তেল রপ্তানিও হুমকির মুখে পড়েছে। এই পরিস্থিতিতে সৌদি আরব মিত্রদেশগুলোর সমর্থন পাচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বুধবার সৌদি আরবে আকস্মিক সফরে গিয়ে লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু তেল টার্মিনাল সুরক্ষায় ফরাসি বাহিনী সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগের দিন যুক্তরাজ্যও হুথিদের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় সৌদি আরবকে সহায়তা করতে যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh