রাজধানীর কারওয়ান বাজারে মাছের আড়ত থেকে চাঁদা তোলার অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার ডিবির পক্ষ থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হলেও অনুসন্ধানে বেরিয়ে এসেছে, নয়ন ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে আদাবর এলাকায় চাঁদাবাজি ও দখলের মতো গুরুতর অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নয়ন ও তাঁর অনুসারীদের কর্মকাণ্ডে তাঁরা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন।
আদাবরের মনসুরাবাদ হাউজিং এলাকায় বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ৬ নম্বর সড়কে পয়োনিষ্কাশন ও পানির লাইনের সংস্কারকাজ চলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নয়নের অনুসারীরা ভবনমালিকদের বাধ্য করছেন যেন তাঁদের ঠিক করা লোক দিয়েই এই কাজ করানো হয়। কাজ শেষে প্রতিটি বাড়ি থেকে ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জোর করে আদায় করা হচ্ছে।
সড়কটির একটি বাড়ির নিরাপত্তাকর্মী মো. শহীদুল্লাহ জানান, তাঁদের বাড়ির লাইনের কাজের জন্য তিন ধাপে জোর করে ২৩ হাজার ৫০০ টাকা নেওয়া হয়েছে। তিনি বলেন, অন্য মিস্ত্রি দিয়ে করালে ১০ হাজার টাকার মধ্যেই কাজটি সম্ভব হতো। একই সড়কের ৬৯ ও ৭০ নম্বর বাড়ির মালিকের কাছে কাজের জন্য ৫৫ হাজার টাকা দাবি করা হয়েছিল। রাজি না হওয়ায় হুমকি দেওয়া হলে বাড়ির তত্ত্বাবধায়ক সাজু হোসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানান।
স্থানীয়দের ভাষ্যমতে, আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন হোসেন ও সদস্যসচিব মনিরুজ্জামান মজুমদার জসিমের নেতৃত্বে এলাকায় নির্মাণাধীন ভবন, ফুটপাতের দোকান এবং এমব্রয়ডারি কারখানা থেকেও নিয়মিত চাঁদা তোলা হয়। এমনকি ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি স্থানীয় বিএনপি নেতা ও আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম বাবুলের আলিফ হাউজিংয়ের একটি বাড়ি দখলের চেষ্টার অভিযোগ রয়েছে নয়ন ও মনিরুজ্জামানের বিরুদ্ধে। এ সময় বাইরে থেকে বাড়িটির জানালার কাচ ভাঙচুর করা হয়। ঘটনার ভিডিও ফুটেজে আদাবর থানা ছাত্রদলের সদস্যসচিব মনিরুজ্জামান মজুমদার, যুগ্ম আহ্বায়ক আবির হোসেন, ৩০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন, ছাত্রদল নেতা জাকির হোসেন এবং ১০০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব সাদেক হোসেনকে দেখা যায়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মনিরুজ্জামান মজুমদার চাঁদাবাজি বা দখলের কথা অস্বীকার করে দাবি করেন, তিনি মীমাংসার জন্য গিয়েছিলেন এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে এসব অভিযোগে জড়ানো হচ্ছে। এদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদ জানিয়েছেন, কারওয়ান বাজারের ঘটনায় নয়নকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আসা অন্যান্য চাঁদাবাজির অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :