Facebook Twitter Instagram YouTube

একই প্রতিষ্ঠানকে বারবার টেন্ডার না দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির


প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ণ / ০
একই প্রতিষ্ঠানকে বারবার টেন্ডার না দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে স্বচ্ছতা, নিষ্ঠা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে একই প্রতিষ্ঠানকে বারবার টেন্ডার না দিয়ে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সুপারিশ করেছে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। শনিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। এর মধ্যে সরকারের ১৮০ দিনের কর্মসূচির অধীনে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়েছে। কমিটি প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে মন্ত্রণালয়ের সব কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করে।

তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের সহায়তা করতে সুতা, রঙ ও কাঁচামাল সহজলভ্য করার নির্দেশ দিয়েছে কমিটি। এ ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি অথবা ডিলার নিয়োগের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কার্যক্রমে হস্তচালিত যন্ত্রপাতির পরিবর্তে আধুনিক যান্ত্রিকীকরণের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

দিনাজপুরের রানীর বন্দরে অবস্থিত তাঁত বোর্ডের অফিসের বর্তমান কার্যক্রম এবং সংশ্লিষ্ট জমি লিজ বা অন্য কোনো উপায়ে বরাদ্দ দেওয়া হয়েছে কি না, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে কমিটি।

কমিটির সভাপতি ও হুইপ মো. আখতারুজ্জামান মিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রতিমন্ত্রী শেখ মো. শরীফুল আলম এবং কমিটির সদস্য এসএম ফয়সল, মো. আব্দুল্লাহ্, রেজেকা সুলতানা, আফজাল হোসেন, রবিউল বাশার ও মাহবুবা হাকিম।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy