Facebook Twitter Instagram YouTube

বিএনপি নেতা হওয়ার দাবি পীরগঞ্জের ইউএনওর, ভাইরাল হওয়ার ইচ্ছা প্রকাশ


প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ / ০
বিএনপি নেতা হওয়ার দাবি পীরগঞ্জের ইউএনওর, ভাইরাল হওয়ার ইচ্ছা প্রকাশ

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পিএম। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান একটি রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময় ইউএনও গোলাম রব্বানী সরদার তার পাশে বসে হাততালি দিচ্ছেন।

ঘটনাটি ঘটেছে পীরগঞ্জ উপজেলার ৯ নম্বর সেনগাঁও ইউনিয়নের আমতলী শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শনের সময়। ওই অনুষ্ঠানে সংসদ সদস্য জাহিদুর রহমান আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমানের নাম ঘোষণা করেন এবং উপস্থিত লোকজনকে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রায় দুই মিনিট স্থায়ী ওই বক্তব্যের বিভিন্ন পর্যায়ে ইউএনওকে করতালি দিয়ে সমর্থন জানাতে দেখা যায়, যা সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।

এ বিষয়ে নিজের অবস্থানের ব্যাখ্যা দিতে গিয়ে ইউএনও গোলাম রব্বানী সরদার মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন, ‘ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ।’ তিনি আরও বলেন, ‘যে সরকার থাকত, যে দলের সরকার থাকত, আমি সেই দলেরই নেতা। বোঝা গেছে মেসেজটা? আমার দল আছে। আমার দল কী? সরকারি দল। আমার আদর্শ সরকারি দলের আদর্শ।’

নিজের এই বক্তব্যের অংশটুকু ক্লিপ করে প্রচার করতে এবং তাকে সারা দেশে ভাইরাল করে দিতেও তিনি সাংবাদিকদের অনুরোধ জানান। তিনি বলেন, ‘তাহলে আপনার ওই অংশটুকুই খালি ক্লিপে বের করেন আর লিখে দেন, যাতে করে আমি একটু ভাইরাল হই সারা দেশে। আই ওয়ান্ট টু বি ভাইরাল, ওকে?’ তিনি আরও দাবি করেন যে, তার এই আচরণের বাইরে যাওয়ার ক্ষমতা তার ডিসি বা কমিশনারেরও নেই।

একজন সরকারি কর্মকর্তার এমন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সায়েম। তিনি বলেন, ‘একজন সরকারি কর্মকর্তা কীভাবে একজন এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দিতে পারেন? যেখানে এমপি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজনকে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিচ্ছেন, সেখানে ইউএনও অতিউৎসাহী হয়ে সবার আগে হাততালি দিয়ে সমর্থন জানাচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়।’

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor