Facebook Twitter Instagram YouTube

সরাইল থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার বাগ্‌বিতণ্ডা, পুলিশের জিডি


প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ / ০
সরাইল থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার বাগ্‌বিতণ্ডা, পুলিশের জিডি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বাগ্‌বিতণ্ডার ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। শুক্রবার রাতে এই জিডি করা হয় বলে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আরাফাতুল ইসলাম। তিনি জানান, ওই দিনের ঘটনার উল্লেখ করে জিডিটি করা হয়েছে এবং এটি কোনো মামলা নয়।

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার রাতে। রুমিন ফারহানা একদল লোক নিয়ে সরাইল থানায় যান। সেখানে তিনি ওসির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলার পাশাপাশি দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের সময় যথাযথ পুলিশি নিরাপত্তা না দেওয়ার অভিযোগ করেন। ওই সময় রুমিন ফারহানার সঙ্গে থাকা এক ব্যক্তি অভিযোগ করেন যে, ওসি তার কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। ওসি মনজুর কাদের ভূঁইয়া তাৎক্ষণিকভাবে এই অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, ওই ব্যক্তিকে রুমিন ফারহানা শিখিয়ে থানায় এনেছেন।

বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে রুমিন ফারহানা ওসি মনজুর কাদের ভূঁইয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি তো বিরাট আওয়ামী লীগ ছিলেন। আপনার হিস্ট্রি তো আমি জানি স্যার। যাই হোক, সেটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।’

এ বিষয়ে ওসি মনজুর কাদের ভূঁইয়া সাংবাদিকদের বলেন, সংসদ সদস্য শত শত লোক নিয়ে থানায় এসে অস্থিরতা ও মব তৈরি করেছেন। তিনি বলেন, ‘কিছু লোককে শিখিয়ে নিয়ে আসেন আজেবাজে কথা বলার জন্য। তিনি বলেছেন আমি ইটভাটা থেকে টাকা নেই। হাওরে সব ইটভাটা পানির নিচে। আর আমরা পূজায় পুরো থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে পুলিশের একটি টিম রাখা ওইসময় কঠিন ছিল।’

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy