Facebook Twitter Instagram YouTube

চাপে থাকলেও অর্থনীতি সঠিক পথেই আছে: অর্থমন্ত্রী


প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ / ০
চাপে থাকলেও অর্থনীতি সঠিক পথেই আছে: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতি বর্তমানে কিছুটা চাপের মুখে থাকলেও তা সঠিক পথেই রয়েছে এবং ধীরে ধীরে ইতিবাচক ধারায় ফিরে আসছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইউনেস্কো ও জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে বর্তমানে চলমান আলোচনা ও কর্মসূচি আগামী জানুয়ারির মধ্যে চূড়ান্ত রূপ পাবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।

রাজস্ব আদায়ের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী জানান, আয়কর ও শুল্ক—উভয় খাতেই বর্তমানে প্রায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তবে মূল্য সংযোজন কর বা ভ্যাট আদায়ের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকলেও পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে এলে ভ্যাট আদায়েও ঊর্ধ্বমুখী গতি দেখা যাবে বলে তিনি আশা করছেন। প্রথম প্রান্তিকের পর থেকে পর্যায়ক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে রাজস্ব পরিস্থিতি ইতিবাচক হবে এবং এর মাধ্যমে সরকার নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা সফলভাবে পূরণ করা সম্ভব হবে বলেও জানান তিনি।

রাজস্ব আয় পিছিয়ে পড়া এবং নতুন বেতন কাঠামোর কারণে সরকারি ব্যয় বেড়ে যাওয়ার চ্যালেঞ্জের বিষয়ে প্রশ্ন করা হলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রথম প্রান্তিকে হিসাব কিছুটা পিছিয়ে থাকা স্বাভাবিক এবং সবকিছু চুলচেরা হিসাব-নিকাশ করেই পরিচালনা করা হচ্ছে। জনগণের করের প্রতিটি টাকার সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে। সরকারি প্রতিটি ব্যয়ের ক্ষেত্রে বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে এবং কোনো অপ্রয়োজনীয় ব্যয় করা হচ্ছে না বলেও তিনি নিশ্চিত করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din