Facebook Twitter Instagram YouTube

পাবনার চাটমোহরে ৮০ বস্তা সার অবৈধ মজুদের দায়ে ডিলারকে জরিমানা


প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ / ০
পাবনার চাটমোহরে ৮০ বস্তা সার অবৈধ মজুদের দায়ে ডিলারকে জরিমানা

পাবনার চাটমোহর উপজেলায় কৃষকদের কাছে সার বিক্রি না করে ৮০ বস্তা সার অন্য গুদামে অবৈধভাবে মজুদ রাখার অপরাধে এক সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা ৮০ বস্তা সার স্থানীয় কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ছাইকোলা বাজারে চাটমোহর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মজিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স বিসমিল্লাহ কৃষি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী এই অর্থদণ্ড প্রদান করেন। অভিযান পরিচালনাকালে চাটমোহর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ছাইকোলা বাজারে তালিকাভুক্ত সার ডিলাররা সাধারণ কৃষকদের মধ্যে সার বিক্রি করছিলেন। ওই সময় দেখা যায়, মেসার্স বিসমিল্লাহ কৃষি এন্টারপ্রাইজের প্রধান গুদামে সার মজুদ থাকলেও তা কৃষকদের কাছে বিক্রি না করে ৮০ বস্তা সার কৌশলে অন্য একটি গুদামে সরিয়ে রাখা হয়েছিল। বিষয়টি নজরে আসার পরপরই উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে এবং সার বিক্রির ব্যবস্থা নেয়।

অভিযানের বিষয়ে কৃষি কর্মকর্তা কৃষিবীদ কুন্তলা ঘোষ জানান, কৃষকদের স্বার্থ রক্ষা, বাজারে সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh