Facebook Twitter Instagram YouTube

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ


প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৬, ৮:০৭ পূর্বাহ্ণ / ০
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল হামজাদের, তবে বুধবারের ম্যাচে লক্ষ্য ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। সেই লক্ষ্য পূরণে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে মাঠ ছেড়েছে লাল-সবুজ জার্সিধারীরা। এই পরাজয়ের ফলে শ্রীলঙ্কা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে, আর তাদের বিদায়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ভুটান। সেমিফাইনালে ভুটান লড়বে শক্তিশালী ভারতের বিপক্ষে, অন্যদিকে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ দারুণ ফুটবল উপহার দেয়। পাঁচ মিনিটে হামজার একটি ফ্রি কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরই গোলের দেখা পায় বাংলাদেশ। ডান প্রান্ত থেকে হামজার নেওয়া ক্রস লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা ঠিকমতো গ্রিপ করতে পারেননি। বক্সে থাকা সামিত সোম প্রথম শট নিলে তা ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে, ফিরতি শটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন সামিত। গ্যালারি গোলের আনন্দে মাতে।

আজকের ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা আক্রমণাত্মক ভূমিকায় ছিলেন এবং দলের আক্রমণে বড় ভূমিকা রেখেছেন। ইব্রাহিমের বাড়ানো বল থেকে হামজা দারুণ দক্ষতায় বক্সে নিয়ন্ত্রণ নেন। এক ডিফেন্ডারকে কাটিয়ে লঙ্কান গোলরক্ষক পেরেরার পাশ দিয়ে জোরালো শটে গোল করেন। এটি ছিল বাংলাদেশের জার্সিতে হামজার পঞ্চম গোল। এর আগে তিনি একটি ব্যাক হিল শট নিয়েছিলেন যা পোস্টের ওপর দিয়ে চলে যায়। রক্ষণভাগে জিদান ইফসুফও এই ম্যাচে দুর্দান্ত দক্ষতার প্রমাণ দিয়েছেন।

দ্বিতীয়ার্ধে ফারহান আলী ওয়াহিদ ৫৫ মিনিটে অসাধারণ এক গোল করে শ্রীলঙ্কার ফেরার সব আশা শেষ করে দেন। তিনি বাঁ প্রান্ত থেকে বল নিয়ে লঙ্কান বক্সে প্রবেশ করে দুই ডিফেন্ডারকে কাটিয়ে এবং আরও দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে এগিয়ে গিয়ে কোণাকুণি শটে বল জালে পাঠান। এই ম্যাজিক্যাল গোলটি পুরো স্টেডিয়ামকে মুগ্ধ করেছে। ম্যাচের চতুর্থ গোলটি আসে রাকিব হোসেনের পা থেকে। গোলরক্ষকের সাথে ওয়ান-অন-ওয়ান অবস্থায় তিনি পেরেরার মাথার ওপর দিয়ে বল তুলে দিয়ে স্কোরলাইন ৪-০ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin