
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে মাঠে নেমেছে যৌথ তদন্ত কমিটি। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তার পুড়ে যাওয়া বাড়িটি পরিদর্শন করেন জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির সদস্যরা। এ সময় তারা ঘটনাস্থল ঘুরে দেখেন এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য রেকর্ড করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলামকে কমিটির আহ্বায়ক এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর আশরারুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির আহ্বায়ক জানান, তদন্ত কাজ শুরু হয়েছে এবং সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৮ জনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা করেছেন নুসরাত তাবাসসুম। মামলার এজাহারে নিষিদ্ধ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আটজনের নাম উল্লেখ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের দুটি দল কাজ করছে।
এদিকে, ঘটনার কারণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে আগুনের কোনো আলামত পাওয়া যায়নি। কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর জোনাল অফিসের এজিএম তোজাম্মেল হক তদন্ত কমিটিকে জানান, ঘটনার রাতে তারা বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমারের সার্কিট ফিউজ অক্ষত পেয়েছেন। শর্ট সার্কিট হলে এগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কথা ছিল, কিন্তু তা না হওয়ায় অন্য কোনো কারণে আগুন লেগে থাকতে পারে বলে তাদের পর্যবেক্ষণ।
অন্যদিকে, নুসরাত তাবাসসুম ও তার পরিবারের অভিযোগ, পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা পেট্রলবোমা নিক্ষেপ করে বাড়িটি পুড়িয়ে দিয়েছে। গতকাল বিকেলে এনসিপির আব্দুল্লাহ আল আমিন ও মাহমুদা মিতু এবং জামায়াতের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল ও আবদুল গফুরসহ বিরোধীদলীয় একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে এনসিপি নেতারা অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে দেওয়া বক্তব্যে প্রকৃত অপরাধীদের দায়মুক্তির সুযোগ তৈরি হচ্ছে।
মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৮ জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়।
এই দলে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহমুদা মিতু, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল ও কুষ্টিয়া-২ আসনের জামায়াতের সংসদ সদস্য আবদুল গফুর রয়েছেন।
আপনার মতামত লিখুন :