Facebook Twitter Instagram YouTube

যুক্তরাষ্ট্রে ৪ ঘণ্টা পর আকাশসীমায় বিমান চলাচল পুনরায় শুরু


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ণ / ০
যুক্তরাষ্ট্রে ৪ ঘণ্টা পর আকাশসীমায় বিমান চলাচল পুনরায় শুরু

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশজুড়ে বিমান চলাচল বন্ধের নির্দেশ প্রত্যাহার করে নিয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা ৩৬ মিনিটে রাডার ও যোগাযোগব্যবস্থায় অস্থিতিশীলতা দেখা দেওয়ার পর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। দীর্ঘ ৪ ঘণ্টারও বেশি সময় পর রাত ৮টা ১৫ মিনিটে আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে।

এফএএ সূত্রে জানা গেছে, রাউটার থেকে অসংগতিপূর্ণ তথ্য আসার কারণে দেশজুড়ে রাডার, যোগাযোগব্যবস্থা ও নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে অস্থিতিশীলতা তৈরি হয়েছিল। অতিরিক্ত তথ্যের চাপে রাউটারগুলো অকার্যকর হয়ে পড়ায় এই জটিলতার সৃষ্টি হয়। সংস্থাটির নিয়ন্ত্রণকেন্দ্র ও টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোল (ট্র্যাকন) বর্তমানে সচল রয়েছে। তবে এই ঘটনার রেশ আগামী কয়েক দিন বিমান চলাচলের ওপর থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে চলতি সপ্তাহান্তের ফ্লাইটগুলো পর্যালোচনা করা হচ্ছে।

এই বিভ্রাটের পেছনে কোনো সাইবার হামলার সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন। এছাড়া সাম্প্রতিক দিনগুলোতে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় দেখা দেওয়া বিভ্রাটের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই। এর আগে তিনটি সূত্র জানিয়েছিল যে, প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস পরিচালিত এফএএর গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কের সমস্যার সঙ্গে এই বিভ্রাটের যোগসূত্র থাকতে পারে। তবে এফএএ কর্তৃপক্ষ দাবি করেছে, এ ঘটনায় যোগাযোগব্যবস্থা বা রাডার সক্ষমতা পুরোপুরি অচল হয়ে পড়েনি।

দেশের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা অত্যন্ত পুরোনো বলে উল্লেখ করে এফএএ জানায়, এই অবকাঠামো আধুনিকীকরণের জন্য কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের দাবি জানানো হয়েছে। বর্তমানে দেশটির কংগ্রেসের উভয় কক্ষই রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor