
শুক্রবার বিকেলে পুরান ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয়ে নয়টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পদের সমন্বিত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বেরিয়ে নির্ধারিত স্থানে ভাইকে খুঁজে না পেয়ে এক তরুণী দুশ্চিন্তায় পড়েন। ওই তরুণীর মুঠোফোন ও ব্যাগ তার ভাইয়ের কাছে ছিল। কিছু সময় পর পুলিশ সদস্যরা তরুণীকে ডেকে জানান যে, তার ভাইকে বংশাল থানায় নেওয়া হয়েছে। পরে পুলিশ সদস্যরা তরুণীকে রিকশায় করে থানায় যাওয়ার ব্যবস্থা করে দেন।
ঘটনাস্থল ও প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, পরীক্ষা শুরুর আগে বিদ্যালয়ের মূল ফটক খোলা থাকায় স্বজনরা ভেতরে প্রবেশ করতে পেরেছিলেন। বেলা তিনটায় পরীক্ষা শুরু হলে পুলিশ তাদের বাইরে বেরিয়ে যেতে বলে। এ সময় কয়েকজনের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়। বেলা ৩টা ২০ মিনিটে পুলিশ ফটকের বাইরে এক পরীক্ষার্থীর ভাইকে হাতকড়া পরিয়ে গাড়িতে তোলে। এর ১০ মিনিট পর সরকারি ব্যাংকের এক কর্মকর্তাকেও আটক করে গাড়িতে তোলা হয়। ধস্তাধস্তির একপর্যায়ে ওই কর্মকর্তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়। পুলিশ সদস্যের ভাষ্যমতে, ওই তরুণরা ‘মব করার চেষ্টা’ ও ‘পুলিশের ওপর আক্রমণের চেষ্টা’ করেছিলেন।
বংশাল থানার ওসি মো. আশিক ইকবাল জানান, পরীক্ষাকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই দুজনকে হেফাজতে নেওয়া হয়েছিল। বিকেলে থানায় গিয়ে দেখা যায়, দুই তরুণকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের রাজনৈতিক মতাদর্শ যাচাইয়ের জন্য নিজ নিজ এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে। ভুক্তভোগী দুই তরুণের অভিযোগ, পুলিশের সঙ্গে কথা-কাটাকাটির জের ধরে তাঁদের থানায় এনে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়েছে এবং কোনো অন্যায় ছাড়াই তাঁদের হয়রানি করা হচ্ছে। এ সময় পুলিশ তাঁদের মুঠোফোনও জব্দ করে।
থানায় অপেক্ষমাণ ওই তরুণী জানান, ভাইয়ের সঙ্গে কথা ছিল পরীক্ষা শেষে নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করার। কিন্তু ভাইকে না পেয়ে তিনি হতবিহ্বল হয়ে পড়েন এবং থানায় এসে হয়রানির শিকার হওয়া নিয়ে হতাশা প্রকাশ করেন। সন্ধ্যা ছয়টার দিকে তাঁদের ওসির কক্ষে নেওয়া হয়। সবশেষে রাত সাড়ে নয়টার কিছু আগে পুলিশ দুজনকে ছেড়ে দেয়। ছাড়া পাওয়ার পর ওই তরুণরা বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলতে অস্বীকৃতি জানান এবং এটিকে ‘বিচিত্র অভিজ্ঞতা’ হিসেবে আখ্যায়িত করেন।
আপনার মতামত লিখুন :