
ধান উৎপাদনের অন্যতম প্রধান জেলা নেত্রকোনায় কৃষিকাজই কয়েক লাখ মানুষের জীবিকার প্রধান উৎস। বিশেষ করে হাওরাঞ্চলের বোরো ধান এবং আমন মৌসুমের চাষাবাদ জেলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে ক্রমবর্ধমান চাহিদার সাথে পাল্লা দিয়ে ফসল উৎপাদনে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার উদ্বেগজনকভাবে বাড়ছে, যার মধ্যে অনেক ক্ষতিকর ও ভেজাল কীটনাশকও রয়েছে।
কৃষি সংশ্লিষ্টদের মতে, অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে ক্ষতিকর পোকামাকড়ের পাশাপাশি উপকারী পোকামাকড় ও বিভিন্ন প্রজাতির প্রাণী ধ্বংস হচ্ছে, যা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। উপকারী প্রাণীর সংখ্যা কমে যাওয়ায় ইঁদুরের উপদ্রব বৃদ্ধির মতো সমস্যাও তৈরি হয়েছে। এছাড়া, ফসলের মাঠে কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে অনেক কৃষকেরই নিয়ম ও সতর্কতার অভাব রয়েছে। মাস্ক, হাতমোজা, চশমা বা সুরক্ষামূলক পোশাক ছাড়া কীটনাশক ছিটানোর ফলে শ্বাস-প্রশ্বাস, ত্বক কিংবা খাদ্যের মাধ্যমে বিষাক্ত রাসায়নিক কৃষকদের শরীরে প্রবেশ করছে। এতে তাৎক্ষণিকভাবে মাথা ঘোরা, বমি, শ্বাসকষ্ট ও ত্বকে জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দিচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দীর্ঘদিন অনিরাপদভাবে এসব রাসায়নিকের সংস্পর্শে থাকলে লিভার, কিডনি ও স্নায়ুতন্ত্রের ক্ষতিসহ ক্যানসারের মতো দীর্ঘমেয়াদি জটিল রোগের ঝুঁকি তৈরি হতে পারে।
চলতি অর্থবছরে নেত্রকোনা জেলায় ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপিসহ প্রায় ১ লাখ ৩৫ হাজার ৬৩৫ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকা। এর পাশাপাশি কীটনাশকের পেছনেও কৃষকদের বছরে ব্যয় হচ্ছে প্রায় শত কোটি টাকা। দুর্গাপুরের লক্ষীপুর গ্রামের কৃষক আব্দুল হক জানান, ধান চাষে সার ও কীটনাশকের ওপর নির্ভরতা অনেক বেড়েছে। আগাছা দমনে একাধিকবার ওষুধ প্রয়োগ করতে হয়, যা উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে। তিনি আরও জানান, আগে প্রতি বস্তা সার ৭৫০ থেকে ৮৫০ টাকায় কিনলেও বর্তমানে তা ১ হাজার ৫০০ টাকায় কিনতে হচ্ছে। এছাড়া অসময়ে বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষি এখন আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
আটপাড়ার মঙ্গলসিদ্ধ গ্রামের কৃষাণী বেগম জানান, আগে জৈব সার ব্যবহার করে সবজি উৎপাদন সম্ভব হলেও এখন রাসায়নিক ছাড়া ফসল ফলানো কঠিন। বাজারের সবজিতে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এদিকে নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আমিনুল ইসলাম জানান, পরিবেশবান্ধব ও কীটনাশকমুক্ত ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। জৈব বালাইনাশক, ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ এবং আলোক ফাঁদ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি বিভাগ নিয়মিত প্রশিক্ষণ ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকদের খরচ কমিয়ে অধিক ফলন পেতে সহায়তা করছে।
আপনার মতামত লিখুন :